ভূরুঙ্গামারীতে কুড়িগ্রাম-১ আসনে বিএনপি প্রার্থী রানার পক্ষে ছাত্রদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত


hamarkur6 প্রকাশের সময় : নভেম্বর ২৬, ২০২৫, ৮:৪৫ অপরাহ্ন /
ভূরুঙ্গামারীতে কুড়িগ্রাম-১ আসনে বিএনপি প্রার্থী রানার পক্ষে ছাত্রদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ মাইদুল ইসলাম, ভূরুঙ্গামারী

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ভূরুঙ্গামারী উপজেলা, ভূরুঙ্গামারী সরকারি কলেজ ও সোনাহাট ডিগ্রি কলেজ শাখার আয়োজনে এবং কুড়িগ্রাম জেলা ছাত্রদলের তত্ত্বাবধানে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ধানের শীষ’ প্রতীকের পক্ষে গণজোয়ার গড়ে তোলার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) দুপুরে উপজেলা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সঞ্চালনা করেন ভূরুঙ্গামারী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ মাইদুল হোসেন এবং সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ মিজানুর রহমান মিন্টু।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সভাপতি মোঃ আমিনুল ইহসান। প্রধান বক্তা ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ হাসান জোবায়ের হিমেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি মোঃ হাবিবুর রহমান রুবেল এবং দপ্তর সম্পাদক অর্ঘ্যদ্বীপ সাহা।

এ ছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন দশ ইউনিয়নের ছাত্রদল শাখার সভাপতি/ সাধারণ সম্পাদকবৃন্দ। নেতৃবৃন্দ কমিটি গঠন, সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং কুড়িগ্রাম-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব সাইফুর রহমান রানার পক্ষে তৃণমূল পর্যায়ে গণসমর্থন জোরদারের নির্দেশনা প্রদান করেন।

বক্তারা বলেন, “যারা ৭১-এ মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল, তারাই ২০২৪ সালের গণঅভ্যুত্থানের বিরোধিতায় সক্রিয় ছিল।” তারা অভিযোগ করে বলেন, এসব শক্তি ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক প্রভাব বিস্তারের চেষ্টা করছে। নেতৃবৃন্দ কর্মীদের উদ্দেশে বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনার আহ্বান জানান এবং সাইফুর রহমান রানাকে কুড়িগ্রাম-১ আসনে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।