ভূরুঙ্গামারীতে ৪,২৬০ ক্ষুদ্র কৃষকের মাঝে রবি ফসলের বীজ ও সার বিতরণ উদ্বোধন


Hamar Kurigram প্রকাশের সময় : নভেম্বর ৫, ২০২৫, ৬:১৪ অপরাহ্ন /
ভূরুঙ্গামারীতে ৪,২৬০ ক্ষুদ্র কৃষকের মাঝে রবি ফসলের বীজ ও সার বিতরণ উদ্বোধন

ভূরুঙ্গামারী প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (৫ নভেম্বর) সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল জব্বার, অতিরিক্ত উপজেলা কৃষি কর্মকর্তা শরিফা জান্নাত, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সরোয়ার তৌহিদ, সহকারী প্রোগ্রামার আশরাফুল আলম, প্রেসক্লাব ভূরুঙ্গামারীর সভাপতি আনোয়ারুল হক এবং উপজেলার ১০ ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তার, বিভিন্ন ইউনিয়নের প্রনোদনা হিসেবে বীজ ও সার নিতে আসা কৃষক এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ১০টি ইউনিয়নের মোট ৪,২৬০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক পর্যায়ক্রমে গম, সরিষা, ডাল, সূর্যমুখী, চিনাবাদাম, পেঁয়াজ, খেসারি ও ভুট্টাসহ বিভিন্ন রবি ফসলের বীজ ও সার (ডিএপি ও এমওপি) পাবেন।

উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল জব্বার বলেন, “রবি মৌসুমে উৎপাদন বৃদ্ধি ও ক্ষুদ্র কৃষকদের আর্থিকভাবে সহায়তা করার লক্ষ্যে সরকার বিনামূল্যে এ প্রণোদনা দিচ্ছে। এতে কৃষকরা উৎসাহিত হয়ে অধিক পরিমাণ জমিতে চাষাবাদ করবেন বলে আশা করছি।”

উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র বলেন, “সরকার কৃষকদের স্বাবলম্বী করতে এবং দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ রাখার লক্ষ্যেই প্রতিবছর বিনামূল্যে বীজ ও সার বিতরণ করে আসছে। কৃষকরাই দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। তাই এই প্রণোদনা কর্মসূচির মাধ্যমে উৎপাদন বাড়লে কৃষক যেমন উপকৃত হবেন, তেমনি জাতীয় খাদ্য নিরাপত্তাও আরও সুদৃঢ় হবে।”