উলিপুরে মাদ্রাসা সুপার এর অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে বিক্ষোভ মানববন্ধন


Hamar Kurigram প্রকাশের সময় : অক্টোবর ২৬, ২০২৫, ২:৪৮ অপরাহ্ন /
উলিপুরে মাদ্রাসা সুপার এর অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে বিক্ষোভ মানববন্ধন

সোহেল রানা ।। উলিপুর

কুড়িগ্রামের উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়নের মাটিয়াল আল মোজাদ্দেদিয়া দ্বিনী দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার আইয়ুব আলীর অনিয়ম, দুর্নীতি ও নিয়মিত মাদ্রাসায় উপস্থিত না থাকার অভিযোগে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৬ অক্টোবর) দুপুরে তবকপুর ইউনিয়নের মাটিয়াল আদর্শ বাজার এলাকায় এলাকাবাসী, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বক্তারা অভিযোগ করেন, ভারপ্রাপ্ত সুপার আইয়ুব আলী দীর্ঘদিন ধরে নিয়মিত মাদ্রাসায় উপস্থিত হন না। দায়িত্বে অবহেলা করে তিনি শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়সহ নানা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে মাদ্রাসার পরিবেশ নষ্ট করেছেন। এতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে।

বক্তারা আরও বলেন, একজন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান হিসেবে নিয়মিত উপস্থিত থেকে শিক্ষা কার্যক্রম পরিচালনার কথা থাকলেও তিনি দায়িত্বে উদাসীন। দ্রুত তাকে অপসারণের দাবি জানান তারা।

বক্তাদের মধ্যে ছিলেন আলহাজ্ব হাবিবুর রহমান, মো. দুলাল সরকার, আ. রাজাক, নাজমুল হুদা সাগর প্রমুখ।