
মোঃ জাহিদ হাসান।। রাজারহাট
সরকারি আইন অমান্য করে এক ইউনিয়নের সার অন্য ইউনিয়নে বিক্রির দায়ে কুড়িগ্রামের রাজারহাটে এক সার ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২০ অক্টোবর, ২০২৫) সন্ধ্যা ৬টার দিকে রাজারহাট উপজেলা প্রশাসন বিদ্যানন্দ ইউনিয়নের রতিগ্রাম এলাকায় এই অভিযান চালায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল ইমরান এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় তাঁর সঙ্গে উপজেলা কৃষি কর্মকর্তা উপস্থিত ছিলেন।

অভিযান প্রসঙ্গে ইউএনও মো. আল ইমরান জানান, রতিগ্রামের ডিলার মো. লিটন সরকার তার নির্ধারিত ইউনিয়নের সার অন্য ইউনিয়নে বিক্রি করে সরকারি আইন লঙ্ঘন করেন। এই অপরাধে তাঁকে নগদ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ইউএনও আরও বলেন, “অবৈধভাবে কোথাও সার বিক্রি করা যাবে না। ডিলারদেরকে সারের কৃত্রিম সংকট তৈরি করে চড়া দামে বিক্রি করা থেকেও বিরত থাকতে হবে। সকল ডিলারকে অবশ্যই সরকারি মূল্যে সার বিক্রি করতে হবে।”
কৃষি উপকরণের সুষ্ঠু বিতরণ নিশ্চিত করতে এবং কৃষকদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।
আপনার মতামত লিখুন :