গণমাধ্যমকর্মীর তৎপরতায় বাল্যবিয়ে বন্ধ, পড়ালেখা জীবনে ফিরেছে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী


Hamar Kurigram প্রকাশের সময় : অক্টোবর ১৮, ২০২৫, ৬:৩৫ অপরাহ্ন /
গণমাধ্যমকর্মীর তৎপরতায় বাল্যবিয়ে বন্ধ, পড়ালেখা জীবনে ফিরেছে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

মোঃ মাইদুল ইসলাম ।। ভূরুঙ্গামারী

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে গণমাধ্যমকর্মীর উদ্যোগ ও উপজেলা প্রশাসনের তাৎক্ষণিক হস্তক্ষেপে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করা হয়েছে। এতে কিশোরীটি ফিরে পেয়েছে তার বই-খাতা ও স্কুলজীবন।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১৭ অক্টোবর) রাতে গোপনে উপজেলার পাথরডুবি ইউনিয়নের মইদাম উত্তরপাড়া গ্রামে মইদাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীতে পড়ুয়া আনোয়ার হোসেনের মেয়ের বিয়ের প্রস্তুতি চলছিল। খবর পেয়ে উপজেলা প্রশাসনের সহযোগিতায় স্থানীয় সাংবাদিক ও যুব সংগঠনের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বিয়ে বন্ধ করেন। পরে কিশোরীর মা ও মামা ১৮ বছর বয়স পূর্ণ না হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়ার লক্ষ্যে এক অঙ্গীকারনামায় স্বাক্ষর করেন।

এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক ফজলুল করিম আশিক, আবু সুফিয়ান পারভেজ, যুব সংগঠক আরিফুল ইসলাম, মিলন দেব বর্মন, শামিম হোসেন, মনির, নুরে আলম সিদ্দিকী শান্তসহ আরও অনেকে।

যুব সংগঠক আরিফুল ইসলাম বলেন, “সমাজের সচেতন নাগরিকরা এগিয়ে এলে বাল্যবিয়ে একদিন সম্পূর্ণ নির্মূল হবে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপ জন মিত্র বলেন, “বাল্যবিয়ে সমাজের জন্য এক অভিশাপ। প্রতিটি কন্যা শিশুর নিরাপদ ও স্বপ্নময় শৈশব নিশ্চিত করতে সমাজের সবাইকে সচেতন হতে হবে। প্রশাসন সবসময় এ ধরনের বাল্যবিয়ের বিরুদ্ধে কঠোর অবস্থানে আছে।”