
মোঃ মাইদুল ইসলাম ।। ভূরুঙ্গামারী
সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাংলাদেশ প্রেস ক্লাব ভূরুঙ্গামারী উপজেলা শাখার সভাপতি আনোয়ার হোসেন আরিফকে সংগঠনের সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
শনিবার (৬ অক্টোবর) বাংলাদেশ প্রেস ক্লাব রংপুর বিভাগের সভাপতি এস. আর. শরিফুল ইসলাম রতনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “অদ্য তারিখ হইতে বাংলাদেশ প্রেস ক্লাবের সঙ্গে আনোয়ার হোসেন আরিফের কোনো প্রকার সম্পর্ক থাকবে না। পরবর্তীতে তার ব্যক্তিগত বা অন্য যে কোনো অপকর্মের জন্য বাংলাদেশ প্রেস ক্লাব কোনোভাবেই দায়ী থাকবে না এবং সংগঠন তার কোনো দায়ভার গ্রহণ করবে না।”
সম্প্রতি কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এক ডিভোর্সপ্রাপ্ত যুবকের কাছ থেকে মুক্তিপণ দাবির অভিযোগে কথিত সাংবাদিক আনোয়ার হোসেন আরিফসহ চারজনকে পুলিশ গ্রেফতার করে আদালতে প্রেরণ করে।
স্থানীয়দের অভিযোগে জানা যায়, আনোয়ারের নামে তার নিজ এলাকাসহ বিভিন্ন স্থানে মানুষের জমি লিখে নেওয়া, দালালি, মিথ্যা মামলার হুমকি, গোপন তথ্য নিয়ে ব্ল্যাকমেইল, পরকিয়া সম্পর্কসহ নানা অভিযোগ রয়েছে। এছাড়া তার নামে মাদক মামলা ও অপহরণসহ একাধিক মামলা রয়েছে।
এই ঘটনার পর সংগঠনের ভাবমূর্তি রক্ষার্থে কেন্দ্রীয় সিদ্ধান্তের আলোকে তাকে বহিষ্কার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
আপনার মতামত লিখুন :