কুড়িগ্রামে অনুষ্ঠিত হলো কিশোরীর স্বপ্ন মেলা


Hamar Kurigram প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৫, ২০২৫, ১২:৩০ অপরাহ্ন /
কুড়িগ্রামে অনুষ্ঠিত হলো কিশোরীর স্বপ্ন মেলা

মাইদুল ইসলাম মামুন ।। হামার কুড়িগ্রাম

কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়ন ফেডারেশন মাঠে অনুষ্ঠিত হলো কিশোরীর স্বপ্ন মেলা। ভোগডাঙ্গা যুব সংগঠনের আয়োজনে এবং আরডিআরএস বাংলাদেশ ও সিএনবি প্রজেক্টের সহযোগিতায় “কিশোরীর সুরক্ষা করি, স্বপ্নকে ছুঁই” প্রকল্পের তত্ত্বাবধানে দিনব্যাপী এই আয়োজন সম্পন্ন হয়।

মেলায় কিশোরীরা তাদের ভবিষ্যৎ স্বপ্ন, স্বপ্নপূরণের পথে প্রতিবন্ধকতা, স্বপ্ন চিঠি ও দেয়ালিকা প্রদর্শনের পাশাপাশি সৃজনশীল উপস্থাপনায় নিজেদের প্রত্যাশা তুলে ধরে। এছাড়া কুইজ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান মেলায় প্রাণ সঞ্চার করে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোগডাঙ্গা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য জনাব হামিদুল ইসলাম, ভোগডাঙ্গা যুব সংগঠনের সাবেক সভাপতি রাইসুল ইসলাম নোমান, ভোগডাঙ্গা সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম এবং ভোগডাঙ্গা যুব সংগঠনের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম।

এছাড়া স্থানীয় অভিভাবক, কিশোরী ও সংগঠনের সদস্যরা অংশ নিয়ে অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলেন। আয়োজকরা জানান, এই ধরনের উদ্যোগ কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে এবং তাদের স্বপ্ন পূরণের পথে অনুপ্রেরণা জোগাতে সহায়ক ভূমিকা রাখবে।