
আব্দুল খালেক ফারুখ
কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের আগমনী বাজারে ১০ ফুট দৈর্ঘ্যের অজগর সাপ উদ্ধার করা হয়েছে। ভেলং নামের এক ব্যক্তির বাড়ির গাছে সাপটি শুয়েছিল। এই খবর ছড়িয়ে পড়লে শতশত মানুষ তা দেখতে ভিড় জমায়।
স্থানীয়রা জানিয়েছেন, আজ শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে গ্রামের কাঁচা সড়ক দিয়ে ক্ষেতে শাক তুলতে যাওয়ার সময় এক শিশু গাছের গোড়ায় সাপটি শুয়ে থাকতে দেখে।
শিশুটি চিৎকার করলে আশপাশের মানুষ ছুটে আসে। স্থানীয়দের শোরগোলে ভয় পেয়ে সাপটি গাছের ওপরে একটি ডালে উঠে শুয়ে থাকে।
স্থানীয়রা জানান, এ অঞ্চলে আগে কখনো এমন ঘটনা ঘটেনি। বন-জঙ্গল না থাকলেও বিগত সময়ের কোনো বন্যায় পার্শ্ববর্তী ধরলা নদী থেকে সাপটি উঠে আসতে পারে বলে ধারণা করছেন তারা।
ঘটনার খবর পেয়ে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন গ্রীন ভিলেজ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবী মো. হোসেন আলী সাপটি উদ্ধার করেন। পরে বন বিভাগের সহযোগিতায় সাপটি বস্তায় করে বন বিভাগের অফিসে নেওয়া হয়।
স্থানীয় বাসিন্দা দুলাল মিয়া বলেন, ‘আমরা অজগর সাপ দেখে আতঙ্কিত হয়ে পড়েছি। এই এলাকায় সাপের কোনো অভয়ারণ্য নেই, তাই এটি ধরলা নদী থেকে উঠে আসতে পারে।
’ বন বিভাগের সেবাকর্মী আশরাফুল হক জানান, খবর পেয়ে সাপটি উদ্ধার করে বন বিভাগের অফিসে নিয়ে আসা হয়েছে। পরবর্তী সময় নিরাপদ স্থানে অবমুক্ত করা হবে।
গ্রীন ভিলেজ ফাউন্ডেশনের চেয়ারম্যান এম. রশিদ আলী বলেন, ‘উদ্ধারকৃত ১০ ফুট দৈর্ঘ্যের সাপটির আনুমানিক বয়স ১০ বছর। আমাদের স্বেচ্ছাসেবকরা বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের প্রশিক্ষণপ্রাপ্ত। তাই বন্যপ্রাণী উদ্ধারে কুড়িগ্রামে সক্রিয় ভূমিকা পালন করে আসছে।
আপনার মতামত লিখুন :