বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

৬২৯ কোটি টাকার ধরলা প্রকল্পে ধসের হুমকি: আতঙ্কে কুড়িগ্রামের গ্রামবাসী

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

ডেস্ক নিউজ

কুড়িগ্রামের সদর উপজেলার হলোখানা ইউনিয়নের সারডোব গ্রামে ধরলা নদীর তীরে নির্মিত বন্যা নিয়ন্ত্রণ বাঁধের একটি বড় অংশ ধসে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। প্রায় ৩৫০ মিটার দীর্ঘ বাঁধটির অন্তত ৩০ মিটার অংশে একের পর এক সিসি ব্লক দেবে যাচ্ছে বলে স্থানীয়রা জানিয়েছেন। শুক্রবার রাত থেকে বাঁধের এই ক্ষয় শুরু হয়, যা শনিবার পর্যন্ত অব্যাহত ছিল।

বাঁধের এই বিপজ্জনক অবস্থা স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ তৈরি করেছে। আশপাশের সহস্রাধিক পরিবার ও কয়েক হাজার হেক্টর আবাদি জমি এখন ঝুঁকিতে রয়েছে।

বিজ্ঞাপন

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) আপৎকালীন ব্যবস্থা হিসেবে বাঁধে বালুভর্তি জিও ব্যাগ ফেলে ধস ঠেকানোর চেষ্টা করছে। তবে স্থানীয়দের অভিযোগ, যথাযথ প্রস্তুতি না থাকায় সিসি ব্লক পর্যাপ্ত পরিমাণে ফেলা হয়নি এবং ডাম্পিং জোনগুলোতে সুরক্ষা দুর্বল ছিল। ফলে প্রবল স্রোতের আঘাতে বাঁধের স্থিতি টিকে থাকতে পারছে না।

সারডোব গ্রামের কৃষক সিরাজুল ইসলাম বলেন, “এই বাঁধ আমাদের একমাত্র ভরসা। এটা ভেঙে গেলে শুধু ঘরবাড়ি না, আমাদের কৃষিও ধ্বংস হয়ে যাবে।” একই কথা বলেন নজরুল ইসলাম ও আব্দুল হোসেনসহ অনেকেই। তাদের অভিযোগ, বাঁধ নির্মাণে দুর্নীতি ও অবহেলার কারণে প্রায়ই এমন বিপদের মুখোমুখি হতে হচ্ছে।

২০২০ সালে শুরু হওয়া ৬২৯ কোটি টাকার ধরলা প্রকল্পের আওতায় ধরলা নদীর তীর সংরক্ষণ, বিকল্প বাঁধ নির্মাণ এবং পুরনো বাঁধ পুনর্নির্মাণসহ ব্যাপক কাজ হয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, প্রকল্পের ৯৭ শতাংশ কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। প্রকল্প বাস্তবায়নের ফলে অন্তত ২২ হাজার ৪০০ পরিবার, ৫০টি হাটবাজার, ৩০টি নৌ-ঘাট এবং ১০ হাজার হেক্টর জমি সুরক্ষিত হয়েছে।

তবে এখন সারডোব এলাকায় নতুন করে বাঁধের ধস প্রকল্প বাস্তবায়নের গুণগত মান নিয়ে প্রশ্ন তুলছে।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মুন্না হক বলেন, “উজানে চর জেগে ওঠায় নদীর স্রোত এখন সরাসরি বাঁধে আঘাত করছে। ফলে কিছু অংশ দেবে গেছে। আপাতত জিও ব্যাগ ফেলা হচ্ছে। পানি কমে গেলে পুরোপুরি মেরামত করা হবে।”

পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. রাকিবুল হাসান জানান, প্রকল্পটি এখনো হস্তান্তর হয়নি। ফলে বাঁধের যেকোনো ক্ষতির দায় ঠিকাদারকেই নিতে হবে। তিনি বলেন, “বাঁধের পরিস্থিতি আমরা নিয়মিত পর্যবেক্ষণ করছি। প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

স্থানীয়দের আশঙ্কা, দ্রুত পদক্ষেপ না নিলে ২০২২ সালের মতো বড় ধরনের বন্যা ও ক্ষয়ক্ষতি আবারও তাদের বিপর্যস্ত করে তুলতে পারে।

বিজ্ঞাপন

ট্যাগ:

আরও সংবাদ

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

কুড়িকৃবির স্থায়ী ক্যাম্পাসের স্থান নির্ধারণ প্রতিবেদন ঘিরে বিতর্ক

নভেম্বর 4, 2026

ডেস্ক নিউজ কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের (কুড়িকৃবি) স্থায়ী ক্যাম্পাসের স্থান নির্ধারণ নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের তত্ত্বাবধানে তৈরি সম্ভাব্য স্থান নির্ধারণ প্রতিবেদনে তিনটি এলাকার জমির পরিমাণ, বন্যার ঝুঁকি ও পানি নিষ্কাশনব্যবস্থা সম্পর্কে দেওয়া তথ্যের সঙ্গে বাস্তবতার অমিল রয়েছে বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এ টি এম বেনজীর […]

কুড়িগ্রাম পরিবার পরিকল্পনা কার্যালয়ে রান্নার সরঞ্জাম, খাবার টেবিল ও বিছানা নিয়ে প্রশ্ন

নভেম্বর 4, 2026

আহসান হাবিব নীলু, কুড়িগ্রাম সরকারি দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য নির্ধারিত কুড়িগ্রাম জেলা পরিবার পরিকল্পনা উপপরিচালকের কার্যালয়ের বিভিন্ন কক্ষে রান্না ও খাবার পরিবেশনের সরঞ্জাম, খাবার টেবিল-চেয়ার এবং বিশ্রামের জন্য বিছানা রাখার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। সরকারি অফিসের কক্ষগুলো কী প্রয়োজনে এভাবে ব্যবহার করা হচ্ছে, তা জানতে চেয়েছেন সচেতন নাগরিকরা। সরেজমিনে দেখা যায়, কার্যালয়ের বিভিন্ন কক্ষে প্রয়োজনীয় […]