
মোশাররফ হোসেন, রাজারহাট
খেলার মাঠ দখল করে ভবন নির্মাণের প্রতিবাদে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের সুখদেব এলাকায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৪ আগস্ট ২০২৫) সকাল ১১টায় সুখদেব সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সুখদেব বালিকা উচ্চ বিদ্যালয়ের যৌথ মাঠে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে সুখদেব বালিকা বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী ছাড়াও স্থানীয় আইনজীবী, শিক্ষক ও সাধারণ মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় আইনজীবী রায়হানুল ইসলাম কানন, শিক্ষক মনিবুল হক বসুনিয়া এবং শিক্ষার্থী শাপলা, সুমাইয়া ও মুহিতা ইসলাম প্রমুখ।
আইনজীবী রায়হানুল ইসলাম কানন বলেন,“বিদ্যালয়ের শিক্ষার্থীদের একমাত্র খেলার মাঠ দখল করে ভবন নির্মাণ করা হলে তারা খেলাধুলার সুযোগ হারাবে। খেলাধুলা শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশের জন্য অপরিহার্য। তাই মাঠ রক্ষায় সরকারকে দ্রুত উদ্যোগ নিতে হবে।”
শিক্ষক মনিবুল হক বসুনিয়া বলেন“বিদ্যালয়ের মাঠ শুধু শিক্ষার্থীদের নয়, এলাকার মানুষেরও প্রাণের দাবি। মাঠ দখল করে ভবন নির্মাণ করা হলে ক্রীড়া ও সংস্কৃতি ধ্বংস হয়ে যাবে। তাই বিকল্প স্থানে আশ্রয়কেন্দ্র নির্মাণ করা জরুরি।”
শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন,“আমাদের একমাত্র খেলার মাঠ কেড়ে নেওয়া হলে আমরা খেলাধুলা থেকে বঞ্চিত হব। আমরা চাই মাঠটা যেমন আছে তেমনই থাকুক। ভবন হোক অন্য কোথাও।”
মানববন্ধন চলাকালে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেয়— “আমাদের মাঠ ফেরত চাই, মাঠ দখল চলবে না”, “খেলাধুলা আমাদের অধিকার, মাঠ বাঁচাও সরকার” ইত্যাদি।
বক্তারা আরও বলেন, মাঠ দখল করে ভবন নির্মাণের সিদ্ধান্ত থেকে সরে না আসা হলে এলাকাবাসী আরও কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে।
আপনার মতামত লিখুন :