শফিকুল ইসলাম বেবু ।। কুড়িগ্রাম
কুড়িগ্রামের চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের আদলে পৃথক মন্ত্রণালয় গঠনের দাবি উঠেছে। একই সঙ্গে জেলার জন্য জাতীয় বাজেটে বরাদ্দ ও ব্যয়ের স্বচ্ছ হিসাব জনসমক্ষে প্রকাশের আহ্বান জানিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে কুড়িগ্রাম সদর উপজেলার দাশেরহাটে ইএসডিওর সভাকক্ষে প্রথম আলোর আয়োজনে ‘জাতীয় বাজেটে নাগরিক সমাজের প্রত্যাশা: কুড়িগ্রাম প্রেক্ষিত’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব দাবি জানান।
বৈঠকে বক্তারা বলেন, কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়, চিলমারী নদীবন্দরের আধুনিকায়ন এবং ভুটানিজ বিশেষ অর্থনৈতিক অঞ্চলকে ঘিরে জেলায় কর্মসংস্থানের বড় সুযোগ রয়েছে। এসব সম্ভাবনা কাজে লাগাতে পরিকল্পিত উদ্যোগ ও কার্যকর বাস্তবায়ন প্রয়োজন।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কুদরত-এ-খুদা বলেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে ময়মনসিংহে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদসহ বিভিন্ন খাতে উন্নয়নের সুযোগ তৈরি হয়েছে। একইভাবে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়কে কাজে লাগিয়ে এসব খাতে নতুন কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব।
তিনি আরও বলেন, চিলমারী নদীবন্দরের আধুনিকায়নের কাজ চলমান রয়েছে। বন্দরটি ঘিরে কর্মসংস্থানের নতুন ক্ষেত্র তৈরি হবে। পাশাপাশি ভুটানিজ বিশেষ অর্থনৈতিক অঞ্চল দ্রুত চালু হলে জেলার অর্থনীতিতে গতি আসবে। চিলমারীতে একটি মহিষ প্রজনন কেন্দ্র স্থাপনের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
গোলটেবিল বৈঠকে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জেলা চর উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদের সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম বেবু বলেন, ‘চরের মানুষ বাজেট চেনে না।’ চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে পৃথক মন্ত্রণালয় গঠনের দাবি জানান তিনি।
তিনি বলেন, জাতীয় বাজেটে কুড়িগ্রামের জন্য কী পরিমাণ বরাদ্দ দেওয়া হয় এবং কোন কোন খাতে কত টাকা ব্যয় হয়, তা সাধারণ মানুষের জানা প্রয়োজন। গত অর্থবছরে জেলার জন্য মোট বরাদ্দ ও প্রকৃত ব্যয়ের পূর্ণাঙ্গ হিসাব জনসমক্ষে প্রকাশ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।
প্রয়োজনে জেলা প্রশাসনের উদ্যোগে নাগরিক সংলাপ আয়োজন করে এসব তথ্য জেলাবাসীর সামনে তুলে ধরারও দাবি জানান অধ্যাপক শফিকুল ইসলাম বেবু।
বৈঠকে আরও বক্তব্য দেন প্রথম আলোর সহযোগী সম্পাদক ফিরোজ চৌধুরী, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা আহ্বায়ক মুকুল মিয়া, কুড়িগ্রাম সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মীর্জা নাসির উদ্দিন, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি সফি খান, সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, নারী নেত্রী রওশন আরা বেগম ও প্রতিমা চৌধুরী, অবসরপ্রাপ্ত শিক্ষক খায়রুল আনম, প্রথম আলোর কুড়িগ্রাম প্রতিনিধি জাহানুর রহমান খোকন এবং এটিএন নিউজের জেলা প্রতিনিধি মনোয়ার হোসেন লিটন।







