ভূরুঙ্গামারী প্রতিনিধি
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে চুরির অভিযোগে ১২ বছর বয়সী এক মাদ্রাসাশিক্ষার্থীকে আটকে রেখে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ উঠেছে ‘চায়ের কাপে গল্প’ নামের একটি পথরেস্তোরাঁর উদ্যোক্তা আল মামুনসহ কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় শিশুটির বাবা থানায় লিখিত অভিযোগ করেছেন। নির্যাতনের পর অসুস্থ হয়ে পড়লে শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
সোমবার (৯ নভেম্বর) উপজেলার তিলাই ইউনিয়নের ছাট গোপালপুর এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, দক্ষিণ ধলডাঙ্গা গ্রামের ওই শিশু স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করে। ঘটনার দিন সকাল ১০টার দিকে তিন বন্ধুর সঙ্গে সে ‘চায়ের কাপে গল্প’ রেস্তোরাঁটি দেখতে যায়। এ সময় রেস্তোরাঁর সাজসজ্জার ঝাড়বাতি ছেঁড়ার অভিযোগে তাকে আটক করা হয়। পরে সকাল থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন সময়ে তাকে মারধর করা হয় বলে অভিযোগ করেন শিশুটির বাবা শহিদুল ইসলাম।
শিশুটির বাবার অভিযোগ, তার ছেলেকে গাছের সঙ্গে বেঁধে মারধর করা হয়। একপর্যায়ে বিবস্ত্র করে চারজন মিলে হাত-পা ধরে উল্টো অবস্থায় লোহার বস্তু দিয়ে পেটান। ছেলেকে ছাড়িয়ে নিতে ৫০ হাজার টাকা দাবি করা হয়। পরে তিন হাজার টাকা দেওয়ার পর তাকে ছেড়ে দেওয়া হয়। বাড়িতে নেওয়ার পর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
ভুক্তভোগী শিশুটির ভাষ্য, তিন বন্ধুর সঙ্গে সেখানে বেড়াতে গেলে তাদের একজন বাতি ছিঁড়েছিল। অন্যরা পালিয়ে গেলেও সে পালায়নি। পরে তাকে ধরে নিয়ে মারধর করা হয়। একপর্যায়ে বিবস্ত্র করে নির্যাতন করা হয় এবং বিষয়টি কাউকে জানালে হত্যার হুমকি দেওয়া হয়।
শিশুটির বাবা শহিদুল ইসলাম ও মা হাজেরা খাতুন বলেন, ‘আমাদের ছেলেকে বিবস্ত্র করে মারধর করা হয়েছে। নির্যাতনের পর সে অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেলেছিল। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক বিচার চাই।’
স্থানীয় পাগলারহাট বাজারের ব্যবসায়ী নুর ইসলাম বলেন, চুরির অভিযোগে শিশুটিকে আটক করা হয়েছিল। তিনি সেখানে গিয়ে মারধরের বিষয়ে জানতে চাইলে ভয়ে শিশুটি কিছু বলেনি। পরে ক্ষতিপূরণ বাবদ পাঁচ হাজার টাকা দাবি করা হলে তিনি তিন হাজার টাকা দিয়ে শিশুটিকে ছাড়িয়ে আনেন। তখন শিশুটির শরীরে পোশাক থাকায় আঘাতের চিহ্ন দেখতে পাননি। পরে বাড়িতে নেওয়ার পর শরীরের বিভিন্ন স্থানে মারধরের দাগ দেখতে পান। তবে শিশুটির বাবা শাসন করার জন্য তাকে কয়েকটি থাপ্পড় দিয়েছিলেন বলেও দাবি করেন তিনি।
অভিযোগ অস্বীকার করে রেস্তোরাঁর উদ্যোক্তা আল মামুন বলেন, শিশুটির বাবা সুস্থ অবস্থায় তাকে নিয়ে গেছেন। পরে রাতে মারধরের কথা শুনেছেন। তার দাবি, শিশুটির বাবা নিজেই শাসন করার জন্য মারধর শুরু করেন। পরে স্থানীয় মুরব্বিরা বিষয়টি মীমাংসা করে শিশুটিকে পরিবারের কাছে পাঠিয়ে দেন। তার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা ও বানোয়াট বলেও দাবি করেন তিনি।
অন্যদিকে, আরাফাত হাসান বলেন, তিনি পাশের জমিতে ধান কাটছিলেন। এ সময় তিনটি ছেলেকে বাতি ধরতে দেখে এগিয়ে যান। তখন তারা পালানোর চেষ্টা করলে সাইকেল নিয়ে দুজনকে আটক করেন। অন্য একজন পালিয়ে যায়। তার দাবি, আগের দিন নয়টি বাতি হারিয়ে যাওয়ার পর সেগুলো পাশের ক্ষেতে পাওয়া যায়। ঘটনার দিন সেগুলো নিতে এসে শিশুরা আরও আটটি বাতি খুলে নেয়।
শিশুটির মাদ্রাসাশিক্ষক আবদুল্লাহ বলেন, ঘটনার দিন বিকেল সাড়ে তিনটার দিকে মামুন ইসলাম ফোন করে বাতি চুরির বিষয়টি জানান। পরে শিশুটিকে মারধরের কথা জানতে পারেন তিনি। তিনি বলেন, ‘বাচ্চা মানুষ ভুল করতে পারে। এ জন্য তাকে এভাবে মারধর করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা জানি, সে ভালো স্বভাবের ছেলে। আমরা এ ঘটনার বিচার চাই।’
স্থানীয় কয়েকজনের ভাষ্য, মাত্র ১২ বছরের একটি শিশুর পক্ষে এতগুলো ঝাড়বাতি খুলে নেওয়া কতটা সম্ভব, তা খতিয়ে দেখা প্রয়োজন। রেস্তোরাঁটি সড়কের পাশে এবং আশপাশে বসতবাড়ি থাকায় দিনের বেলায় এতগুলো বাতি চুরির অভিযোগের বিষয়টিও তদন্তের দাবি রাখে।
এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আর সাঈদ বলেন, লিখিত অভিযোগের ভিত্তিতে উপপরিদর্শক (এসআই) শাহজাহান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। শিশুটিকে মারধরের ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। পুলিশ হাসপাতালে গিয়েও খোঁজ নিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।







