কুড়িগ্রাম প্রতিনিধি | Hamar Kurigram
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ককটেল হামলা ও নৈরাজ্যের প্রতিবাদে কুড়িগ্রামে মোটরসাইকেল শোডাউন ও বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদল।
সোমবার (৯ নভেম্বর) পৌর শহরের কলেজ মোড় থেকে মোটরসাইকেল শোডাউনটি বের হয়। পরে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। এ সময় ‘হৈ হৈ রৈ রৈ, নিষিদ্ধ ছাত্রলীগ গেল কই’সহ বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা।
মিছিলে নেতৃত্ব দেন কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সভাপতি মো. বিপুল আহমেদ ও সাধারণ সম্পাদক মো. সোহেল রানা। এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহসভাপতি ইমন, সাংগঠনিক সম্পাদক মো. নাইম ইসলাম, সদর উপজেলা ছাত্রদলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক মো. আল ইমরান, কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের সভাপতি তন্ময় ও সাধারণ সম্পাদক মো. নাহিদ ইসলাম।
এ ছাড়া কুড়িগ্রাম সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাসুম মিয়া, সাংগঠনিক সম্পাদক মোরসালিনসহ জেলা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন।
মিছিল থেকে ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল হামলা ও নৈরাজ্যের অভিযোগের প্রতিবাদ জানান নেতাকর্মীরা। একই সঙ্গে সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান জানান তাঁরা।







