উলিপুরে বাবলু গ্রেপ্তারের খবরে আনন্দ মিছিল, শাস্তির দাবিতে মানববন্ধন


Hamar Kurigram প্রকাশের সময় : নভেম্বর ১, ২০২৬, ৬:২৩ অপরাহ্ন / ০
উলিপুরে বাবলু গ্রেপ্তারের খবরে আনন্দ মিছিল, শাস্তির দাবিতে মানববন্ধন

উলিপুর প্রতিনিধি | Hamar Kurigram

কুড়িগ্রামের উলিপুরে মমিনুল ইসলাম বাবলু নামে এক ব্যক্তিকে রংপুরে গ্রেপ্তারের খবরে আনন্দ মিছিল করেছেন স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগীরা। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে ওঠা প্রতারণা, মানব পাচার ও উচ্চ সুদে ঋণ দেওয়ার আড়ালে হয়রানির অভিযোগ তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন প্রায় ৩০টি ভুক্তভোগী পরিবার।

শুক্রবার (৩০ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে রংপুর নগরীর জুম্মাপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানা ও গোয়েন্দা পুলিশ। ম্যাজিস্ট্রেট আমলি আদালতের কোতোয়ালি সিআর মামলা নম্বর ১৫৯৯/২৬-এর পরিপ্রেক্ষিতে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

গ্রেপ্তার মমিনুল ইসলাম বাবলু উলিপুর উপজেলার গুনাইগাছ ইউনিয়নের পশ্চিম কালুডাঙ্গা গ্রামের মৃত তাজুল ইসলামের ছেলে। তাঁর গ্রেপ্তারের খবর এলাকায় ছড়িয়ে পড়লে ভুক্তভোগী পরিবারগুলোর মধ্যে স্বস্তি প্রকাশ পায়।

শনিবার (৩১ অক্টোবর) বিকেলে স্থানীয় বাসিন্দারা আনন্দ মিছিল বের করেন। এ সময় বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ করা হয়। একই দিন দুপুরে উলিপুর পৌরশহরের মসজিদুল হুদার সামনে মানববন্ধন করেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। তাঁরা বাবলুর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত এবং আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধনে উপস্থিত ভুক্তভোগী আব্দুল মজিদ মণ্ডল, মহন্ত বর্মন, দুলাল হোসেন, মোজাফফর রহমান, আব্দুল কাদের সরকার ও আমজাদ হোসেনসহ কয়েকজন অভিযোগ করেন, বাবলু দীর্ঘদিন ধরে উলিপুরসহ বিভিন্ন এলাকায় উচ্চ সুদে টাকা ঋণ দেওয়ার আড়ালে মানুষকে হয়রানি ও প্রতারণা করে আসছেন।

তাঁদের অভিযোগ, ২০২১ সালে সৌদি আরব থেকে দেশে ফেরার পর বাবলু সৌদি আরব, দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন দেশে উচ্চ বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে নারী-পুরুষের কাছ থেকে লাখ লাখ টাকা নেন। পরে জাল ভিসা দেখিয়ে তাঁদের ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রেখে পালিয়ে যান বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।

এ ছাড়া ঋণ দেওয়ার সময় জামানত হিসেবে ফাঁকা চেক ও নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে পরবর্তী সময়ে সেসব নথির ভিত্তিতে বিভিন্ন জেলায় মামলা করে ঋণগ্রহীতাদের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করার অভিযোগও করেন তাঁরা। মানব পাচার, প্রতারণা ও দাদন ব্যবসা-সংক্রান্ত একাধিক মামলার পাশাপাশি তাঁর বিরুদ্ধে বিভিন্ন আদালতে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলেও দাবি করেন ভুক্তভোগীরা।

রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম জানান, প্রতারণার একটি মামলায় মমিনুল ইসলাম বাবলুকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে।

এদিকে, ভুক্তভোগীরা জানান, তাঁদের অভিযোগের বিষয়ে সুবিচার চেয়ে স্থানীয়রা কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহীর কাছে লিখিত আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে সংসদ সদস্য গত ১৯ অক্টোবর ২০২৬ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উলিপুর থানায় সুপারিশপত্র পাঠান বলে তাঁরা জানান।

কুড়িগ্রামের সর্বশেষ সংবাদ