জেলার ৫৫৬টি পূজামণ্ডপে শান্তিপূর্ণভাবে উৎসব উদ্যাপনে চলছে নজরদারি
ডেস্ক নিউজ
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুড়িগ্রামের বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পূজামণ্ডপ পরিদর্শন, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল থেকে রাত পর্যন্ত ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন ২২ বিজিবির অধিনায়কসহ সদস্যরা। এ সময় পূজামণ্ডপগুলোর নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানিয়েছে বিজিবি।
বিজিবি সূত্রে জানা গেছে, পূজামণ্ডপে আসা দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদ্যাপনে সহায়তা করতে সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদ্যাপন কমিটি ও বাসিন্দাদের সঙ্গে সমন্বয়ও অব্যাহত রয়েছে।
কুড়িগ্রাম পূজা উদ্যাপন কমিটির সভাপতি রবি বোস জানান, এবার জেলায় ৫৫৬টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। তিনি বলেন, “বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো। পূজার সময় পরিস্থিতি কেমন থাকে, তা দেখার বিষয়।”
কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব-উল-হক বলেন, সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা এবং সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা বজায় রাখতে বিজিবি সচেষ্ট রয়েছে।
নিরাপত্তার স্বার্থে সীমান্ত এলাকার বাসিন্দাদের যেকোনো সন্দেহজনক কর্মকাণ্ডের তথ্য নিকটস্থ বিজিবি ক্যাম্পে জানানোর অনুরোধ জানিয়েছে বাহিনীটি।






