ভূরুঙ্গামারী প্রতিনিধি
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দর দিয়ে টানা সাত দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। আগামী ১৭ অক্টোবর (শনিবার) থেকে ২৩ অক্টোবর (শুক্রবার) পর্যন্ত এ কার্যক্রম বন্ধ থাকবে। ২৪ অক্টোবর (শনিবার) থেকে আবার আমদানি-রপ্তানি শুরু হবে।
সোনাহাট স্থলবন্দর কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক জাহাঙ্গীর আলম আকমলের সই করা চিঠিতে ছুটির বিষয়টি জানানো হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে সোনাহাট স্থলবন্দরের সহকারী পরিচালক বদিউজ্জামানও বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ভারতীয় কাস্টমস কর্তৃপক্ষ এবং দুই দেশের সিঅ্যান্ডএফ এজেন্টদের পক্ষ থেকে ছুটির বিষয়টি বন্দর কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তবে ১৭, ১৮ ও ১৯ অক্টোবর বন্দরের অভ্যন্তরীণ কার্যক্রম ও কাস্টমসের কাজ স্বাভাবিক থাকবে। এ সময় আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।
ছুটি শেষে ২৪ অক্টোবর থেকে সোনাহাট স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি আবার শুরু হবে।






