উলিপুর প্রতিনিধি
কুড়িগ্রামের উলিপুরে জরুরি রক্ষণাবেক্ষণ ও গাছপালা কাটার কাজের জন্য মঙ্গলবার (১৩ অক্টোবর) টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
সোমবার (১২ অক্টোবর) কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির উলিপুর জোনাল অফিসের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
জোনাল অফিস সূত্রে জানা গেছে, ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের জরুরি রক্ষণাবেক্ষণ এবং লাইনের আশপাশের গাছপালা কাটার কাজের জন্য সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উলিপুর জোনাল অফিসের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
উলিপুর জোনাল অফিসের ভারপ্রাপ্ত উপমহাব্যবস্থাপক (অতিরিক্ত দায়িত্ব) চিরেন্দ্র নাথ রায় জানান, জরুরি রক্ষণাবেক্ষণকাজের জন্য সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখতে হচ্ছে। এ কারণে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।
কাজ শেষ হলে নির্ধারিত সময়ের আগেও বিদ্যুৎ সরবরাহ চালু হতে পারে।






