এক স্বামীকে নিয়ে দুই স্ত্রীর প্রকাশ্যে মারামারি


Hamar Kurigram প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৫, ২০২৬, ৬:৪৯ অপরাহ্ন /
এক স্বামীকে নিয়ে দুই স্ত্রীর প্রকাশ্যে মারামারি

রাজারহাট প্রতিনিধি

কুড়িগ্রামের রাজারহাটে এক ব্যক্তিকে স্বামী দাবি করে দুই নারীর মধ্যে প্রকাশ্যে মারামারির ঘটনা ঘটেছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে লালমনিরহাটের তিস্তা বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাজারহাট উপজেলার পশ্চিম দেবোত্তর মৌজার চায়না বাজার এলাকার লিটন সরকারকে স্বামী দাবি করে দুই নারীর মধ্যে বিরোধের সৃষ্টি হয়। লিটন ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য।

এক নারী দাবি করেন, লিটন তার প্রথম স্ত্রীকে তালাক দিয়ে তাকে বিয়ে করেছেন। এ বিষয়ে তার কাছে তালাকনামাও রয়েছে বলে দাবি করেন তিনি। তবে প্রথম স্ত্রী দাবি করছেন, তাকে তালাক দেওয়া হয়নি এবং লিটন দ্বিতীয় বিয়েও করেননি।

এ নিয়ে তিস্তা বাসস্ট্যান্ডে দুই নারীর মধ্যে প্রথমে তর্কাতর্কি শুরু হয়। একপর্যায়ে তারা চুল ধরে টানাটানি ও ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন। পরে স্থানীয়রা তাদের সরিয়ে নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয় ইউপি সদস্য রিপন জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে দুই নারীকে শান্ত করেন। পরে তাদের চায়না বাজার এলাকায় নিয়ে আসা হয়। সেখানেও বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে কৌতূহল তৈরি হয়।

দ্বিতীয় স্ত্রী দাবি করা ওই নারী জানান, লিটনের সঙ্গে ফোনে কথা বলার পর তিনি জানতে পারেন, লিটন ঢাকায় নেই। এরপর তিনি লিটন প্রথম স্ত্রীকে তালাক দিয়েছেন কি না, তা যাচাই করতে তিস্তা বাসস্ট্যান্ডে আসেন। তার কাছে তালাকনামা রয়েছে বলেও দাবি করেন তিনি।

তিনি আরও দাবি করেন, লিটন নিজেকে ঢাকা মেডিকেল কলেজে ফাইনাল ও ইন্টার্নি করা ব্যক্তি হিসেবে পরিচয় দিয়েছিলেন।

অন্যদিকে লিটন সরকার বিয়ের বিষয়টি স্বীকার করলেও দুই নারীর মধ্যে মারামারির বিষয়ে বিস্তারিত কোনো বক্তব্য দেননি।

ঘটনাটি ছড়িয়ে পড়ার পর চায়না বাজারসহ রাজারহাট এলাকায় বিষয়টি নিয়ে আলোচনা ও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তবে দুই নারীর দাবির সত্যতা ও বিয়ের আইনগত অবস্থান সংশ্লিষ্ট নথিপত্র যাচাই ছাড়া নিশ্চিত হওয়া যায়নি।