বিপুল মিয়া, ফুলবাড়ী
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীর তীর থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বড়ভিটা ইউনিয়নের দক্ষিণ জেলেপাড়া এলাকায় আইয়ুবের চরের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
স্থানীয় বাসিন্দারা জানান, দুপুর ১২টার দিকে ওই এলাকায় গরুকে ঘাস খাওয়ানোর সময় কয়েকজন দুর্গন্ধ পান। পরে তারা ঘটনাস্থলের কাছে গিয়ে নদীর তীরে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ পড়ে থাকতে দেখেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে ফুলবাড়ী থানা পুলিশকে জানানো হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির পরনে ছিল জিন্সের প্যান্ট ও কমলা রঙের টি-শার্ট। প্রাথমিকভাবে তার বয়স আনুমানিক ৩৫ বছর বলে ধারণা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাঈম বলেন, “আমরা ঘটনাস্থলে এসে পৌঁছেছি। মরদেহের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।”






