ডেস্ক নিউজ
কুড়িগ্রামের রৌমারীতে চুরি হওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বাবু মিয়া (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩০ জুন) বিকেলে রৌমারী বাজারের সোনালী ব্যাংকের সামনে থেকে রাজিবপুর উপজেলার বাসিন্দা মো. রফিকুল ইসলামের ১২৫ সিসি ডিসকভার মোটরসাইকেলটি চুরি হয়। ঘটনার পর ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে রৌমারী থানা পুলিশ দ্রুত অভিযান শুরু করে।
অভিযানের একপর্যায়ে মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার শৌলমারী ইউনিয়নের ফকিরপাড়া হাজীবাড়ি এলাকা থেকে চুরি হওয়া মোটরসাইকেলসহ বাবু মিয়াকে আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এছাড়া, এ ঘটনায় অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রয়েছে।






