Site icon হামার কুড়িগ্রাম

৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে ভূরুঙ্গামারীতে কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ

মোঃ মাইদুল ইসলাম , ভূরুঙ্গামারী প্রতিনিধি

কেন্দ্রীয় নির্দেশনার অংশ হিসেবে ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিভিন্ন দপ্তরে কর্মরত সরকারি কর্মচারীরা অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল পালন করেছেন।

সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল থেকে ১১ ঘটিকা পর্যন্ত উপজেলার কর্মচারীরা উপজেলা চত্বরে অবস্থান নেন। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে জামতলা মোড় ও কলেজ মোড় প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসের সিএ মোঃ মুকুল, হিসাব রক্ষক নিপেন চন্দ্র, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের হিসাব রক্ষক আনিছুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মচারীরা।

বক্তারা বলেন, প্রচলিত নিয়ম অনুযায়ী প্রতি পাঁচ বছর পর পর সরকারি কর্মচারীদের নতুন পে-স্কেল ঘোষণার কথা থাকলেও দীর্ঘ ১১ বছর ধরে নতুন পে-স্কেল দেওয়া হচ্ছে না। এতে কর্মচারীরা চরম আর্থিক সংকট ও বৈষম্যের শিকার হচ্ছেন।

তারা আরও জানান, অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডাঃ মোঃ ইউনুছ এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করায় তারা তাকে ধন্যবাদ জানাচ্ছেন। তবে দুঃখ প্রকাশ করে বক্তারা বলেন, ৯ম পে-স্কেল অনুমোদনের জন্য ফাইল প্রক্রিয়াধীন থাকলেও এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

সমাবেশ থেকে বক্তারা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বৈষম্য না করে কর্মচারীদের জীবন-জীবিকার বাস্তবতা বিবেচনায় দ্রুত ৯ম পে-স্কেল অনুমোদন ও বাস্তবায়ন করা হোক।

Exit mobile version