হামার কুড়িগ্রাম

৮৪ বছর বয়সে একমুঠো খাবারের জন্য মানুষের দ্বারে বৃদ্ধা সবিজন

নাগেশ্বরী প্রতিনিধি

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের বানিয়ারভিটা গ্রামের ৮৪ বছর বয়সী বৃদ্ধা সবিজন বেগম জীবনের শেষ বয়সে এসে মানবেতর জীবনযাপন করছেন। বয়সের ভারে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছেন তিনি। ঠিকমতো চলাফেরাও করতে পারেন না। খাদ্য ও চিকিৎসার খরচ জোগানোই এখন তাঁর জন্য বড় চ্যালেঞ্জ।

স্থানীয় সূত্রে জানা গেছে, সবিজন বেগমের এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। ছেলেটি অন্যত্র থাকেন এবং নিজের সংসার চালাতেই তাকে হিমশিম খেতে হয়। দুই মেয়েরই বিয়ে হয়েছে। তাঁদের সংসারের অবস্থাও স্বচ্ছল নয়। ফলে মায়ের নিয়মিত ভরণপোষণ করাও তাঁদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না।

বর্তমানে বৃদ্ধার দেখাশোনা করছেন তাঁর ফুফাতো বোন মেহেরভান। তিনিও সীমিত সামর্থ্যের কারণে সবিজন বেগমের খাবার ও চিকিৎসার প্রয়োজনীয় ব্যয় বহন করতে পারছেন না।

বৃদ্ধা সবিজন বেগম জানান, অনেক সময় খাবারের জন্যও অন্যের সহযোগিতার ওপর নির্ভর করতে হয়। বয়সজনিত বিভিন্ন সমস্যায় চিকিৎসার প্রয়োজন হলেও অর্থের অভাবে নিয়মিত চিকিৎসা করানো সম্ভব হয় না।

এ অবস্থায় অসহায় বৃদ্ধার পাশে দাঁড়াতে সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের প্রতি আহ্বান জানিয়েছেন তাঁর স্বজনরা।

ঠিকানা: বানিয়ারভিটা গ্রাম, ভিতরবন্দ ইউনিয়ন, নাগেশ্বরী, কুড়িগ্রাম।
যোগাযোগ: ফুফাতো বোন মেহেরভান — ০১৭০৫-৯৩৪৫৫৭।

Exit mobile version