Site icon হামার কুড়িগ্রাম

৭ মার্চের ভাষণের ভিডিও শেয়ার দেওয়ায় ভূরুঙ্গামারীতে ছাত্রদল নেতা শিহাবের পদ স্থগিত

মোঃ মাইদুল ইসলাম, ভূরুঙ্গামারী

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ৭ মার্চের ভাষণের ভিডিও শেয়ার দেওয়াকে কেন্দ্র করে ছাত্রদল নেতার সাংগঠনিক পদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া নেতা হলেন ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ শিহাব হোসেন।

শনিবার (৭ মার্চ) কুড়িগ্রাম জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক আশিক ইকবাল রাব্বী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের দায়িত্বে থেকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শিহাব হোসেনের সাংগঠনিক পদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। একই সঙ্গে কেন তার পদ স্থায়ীভাবে স্থগিত করা হবে না—সে বিষয়ে আগামী ৪৮ ঘণ্টা বা দুই দিনের মধ্যে কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সভাপতি বা সাধারণ সম্পাদকের নিকট স্বশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, “newind” নামের একটি ফেসবুক আইডি বা পেজে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের একটি ভিডিও ক্লিপ প্রকাশ করা হয়। সেই ভিডিওটি শিহাব হোসেন তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে “৭ মার্চের অবদানকে অস্বীকার করার উপায় নেই”—এমন মন্তব্যসহ শেয়ার করলে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতেই জেলা ছাত্রদল তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সভাপতি আমিমুল ইহছান ও সাধারণ সম্পাদক মোঃ হাসান জোবায়ের হিমেল এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

জেলা ছাত্রদলের নেতারা জানান, সংগঠনের শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা না পাওয়া গেলে তার বিরুদ্ধে পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।

এ বিষয়ে শিহাব হোসেন বলেন, “আমার অসাবধানতাবশত এবং অনেকটা অনিচ্ছাকৃতভাবে বিষয়টি ঘটেছে। যেহেতু দলীয় শৃঙ্খলা ভঙ্গ হয়েছে, তাই সাংগঠনিক নিয়ম মেনে জেলা নেতৃবৃন্দের কাছে উপস্থিত হয়ে ব্যাখ্যা প্রদান করব।”

Exit mobile version