Site icon হামার কুড়িগ্রাম

৭২০ যোগদানের দাবি, ভিডিওতে ফাঁকা চেয়ার—কুড়িগ্রাম–৩ এ হাতপাখার সমাবেশ ঘিরে প্রশ্ন

ডেস্ক নিউজ


কুড়িগ্রাম–৩ আসনে হাতপাখা প্রতীকের সমর্থিত প্রার্থী ডা. আক্কাস আলীর একটি নির্বাচনী সমাবেশকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও সমালোচনা।

সমাবেশস্থলে টানানো একটি ব্যানারে উল্লেখ করা হয়— “৭২০ নেতাকর্মী যোগ দিচ্ছেন চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলনে”। তবে সমাবেশের ভিডিও ফুটেজে মাঠে উল্লেখযোগ্য সংখ্যক চেয়ার ফাঁকা থাকতে দেখা যায়, যা ব্যানারের দাবির সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বলে মন্তব্য করছেন অনেকেই।

এই চিত্র দেখা যায় ডা. আক্কাস আলীর নিজস্ব ফেসবুক পেজ থেকে লাইভ সম্প্রচারিত একটি ভিডিওতে। ব্যানারে উল্লিখিত সংখ্যার সঙ্গে বাস্তব উপস্থিতির এই ব্যবধান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।

ফেসবুকে একাধিক ব্যবহারকারী মন্তব্য করেছেন, “মিথ্যাচার করে জনপ্রিয়তা বাড়ানো যায় না”। কেউ কেউ আবার দাবি করছেন, “১০০ জনের সমাবেশও হয়নি, অথচ বলা হচ্ছে ৭২০ জন যোগদান করেছে”। পাশাপাশি কিছু মন্তব্যে দল ও সংশ্লিষ্ট নেতাদের বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে।

এদিকে, সমাবেশে ঠিক কোন দল থেকে, কোন পর্যায়ের নেতাকর্মী এবং কোন ধর্মাবলম্বীরা ইসলামী আন্দোলনে যোগ দিয়েছেন—সে বিষয়ে এখনো পর্যন্ত কোনো সুস্পষ্ট তালিকা বা আনুষ্ঠানিক ব্যাখ্যা দিতে পারেননি দলের স্থানীয় নেতাকর্মীরা।

এ বিষয়ে ইসলামী আন্দোলনের দায়িত্বশীলদের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনাটি নিয়ে কুড়িগ্রাম–৩ আসনের রাজনৈতিক অঙ্গনে আলোচনা অব্যাহত রয়েছে।

Exit mobile version