হামার কুড়িগ্রাম

৪০ বছরের মুয়াজ্জিনের বিদায়, ঘোড়ার গাড়িতে বাড়ি পৌঁছে দিলেন মুসল্লিরা

টানা ৪০ বছর নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে মসজিদের মুয়াজ্জিনের দায়িত্ব পালনের পর বয়সের ভারে স্বেচ্ছায় অবসর নিয়েছেন শুক্কুর আলী (৭০)। দীর্ঘদিনের এই ধর্মীয় সেবাকে সম্মান জানাতে স্থানীয় মুসল্লি ও এলাকাবাসী তাকে ঘোড়ার গাড়িতে চড়িয়ে ব্যতিক্রমীভাবে বিদায় সংবর্ধনা দিয়েছেন।

শুক্রবার (২৮ আগস্ট) জুমার নামাজের পর কুড়িগ্রামের উলিপুর উপজেলার গুনাইগাছ পাইলট উচ্চ বিদ্যালয় জামে মসজিদ প্রাঙ্গণে আবেগঘন এ বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্কুর আলীর বাড়ি গুনাইগাছ ইউনিয়নের রামদাস ধনিরাম খেওয়ার পাড় এলাকায়। অত্যন্ত সাদাসিধে জীবনযাপনে অভ্যস্ত এই মানুষটি দীর্ঘ চার দশক ধরে নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজের আজান দিয়ে আসছিলেন। ফজর থেকে এশা পর্যন্ত মসজিদের ধর্মীয় কার্যক্রমে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি ইমামের অনুপস্থিতিতে তিনি নিয়মিত নামাজও পড়াতেন।

দীর্ঘদিনের দায়িত্বের আনুষ্ঠানিক সমাপ্তির পর শুক্রবার তাকে ঘোড়ার গাড়িতে বসিয়ে সসম্মানে বাড়িতে পৌঁছে দেওয়া হয়। এ সময় তার সঙ্গে স্থানীয় অসংখ্য মুসল্লি ও এলাকাবাসী অংশ নেন। ব্যতিক্রমী এ বিদায় আয়োজন ঘিরে মসজিদ প্রাঙ্গণে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

মসজিদ কমিটির সভাপতি শামীম আখতার আমীন জানান, বার্ধক্যের কারণে শুক্কুর আলী স্বেচ্ছায় মুয়াজ্জিনের দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছিলেন। দীর্ঘদিন ধরে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করা এই ভালো মনের মানুষটিকে বিদায়বেলায় বিশেষ সম্মান জানাতেই ঘোড়ার গাড়ির ব্যবস্থা করা হয়। একই সঙ্গে বিদায় অনুষ্ঠানে তাকে নগদ অর্থসহ বিভিন্ন উপহারসামগ্রী প্রদান করা হয়েছে।

Exit mobile version