হামার কুড়িগ্রাম

৩৬ ঘণ্টা পেরিয়েও সমাধান হয়নি: রৌমারী সীমান্তে শিশুসহ ৬ জনকে নেয়নি কোনো দেশ

মোঃ মশিউর রহমান বিপুল | হামার কুড়িগ্রাম

কুড়িগ্রামের রৌমারী উপজেলার গয়টাপাড়া সীমান্তে শিশুসহ ছয়জনকে নিয়ে সৃষ্ট জটিলতা ৩৬ ঘণ্টা পার হলেও এখনো কোনো সমাধান মেলেনি। সীমান্তের ১০৬০/১-এস নম্বর পিলারের শূন্যরেখায় (নো-ম্যানস ল্যান্ড) আটকে থাকা এসব ব্যক্তিকে এখন পর্যন্ত বাংলাদেশ কিংবা ভারত—কোনো দেশই নিজেদের নাগরিক হিসেবে গ্রহণ করেনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ভোরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পক্ষ থেকে গয়টাপাড়া সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে পুশইনের চেষ্টা করা হয়। পরে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) বাধা দিলে তারা সীমান্তের শূন্যরেখায় অবস্থান নিতে বাধ্য হয়। আটকে পড়াদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।

এ ঘটনায় বিজিবি ও বিএসএফের মধ্যে একাধিকবার যোগাযোগ এবং পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও এখন পর্যন্ত কোনো সমাধান হয়নি। উভয় পক্ষই তাদের নিজ নিজ অবস্থানে অনড় থাকায় ছয়জন ব্যক্তি মানবেতর পরিস্থিতির মধ্যে দিন কাটাচ্ছেন।

খোলা আকাশের নিচে অবস্থানরত এসব মানুষের জন্য খাবার, বিশুদ্ধ পানি ও নিরাপত্তা সংকট দেখা দিয়েছে। বিশেষ করে শিশুদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে।

বিজিবি সূত্র জানিয়েছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে দ্রুত সমাধানের চেষ্টা অব্যাহত রয়েছে। এদিকে সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে প্রশাসন।

মানবিক এই সংকট দ্রুত নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ কামনা করেছেন স্থানীয়রা।

Exit mobile version