রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি
রাজারহাট উপজেলার আলহাজ্ব তাজুল ইসলাম চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে এক আবেগঘন বিদায় সংবর্ধনা অনুষ্ঠান। বিদ্যালয়ের দীর্ঘ ৩৪ বছর ধরে নিষ্ঠা ও ভালোবাসা নিয়ে শিক্ষকতা করে আসা সহকারী শিক্ষক জনাব বিদ্যুৎ কুমার রায়-এর অবসরজনিত বিদায় এবং জনাব ইব্রাহীম খলিলুল্লাহ সাহেবের বদলীজনিত বিদায় উপলক্ষে এ আয়োজন করা হয়।
আজ দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটি, শিক্ষক-শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। পুরো পরিবেশ ছিল গভীর আবেগে ভরা—কেউ কেউ চোখের জল লুকাতে পারেননি প্রিয় শিক্ষককে বিদায় জানাতে গিয়ে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোঃ আশরাফুজ্জামান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোঃ শরীফ আহম্মদ।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্রের জনাব রিতাস চন্দ্র সরকার, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও দাতা জনাব মানবেন্দ্র নাথ রায়, প্রতিষ্ঠাতা জনাব কনছার আলী, প্রাক্তন সভাপতি জনাব নিরানন্দ রায়, কৃতি শিক্ষার্থী মাওলানা কে.এম মোস্তাফিজুর রহমান, প্রধান শিক্ষক জনাব শৈলেন্দ্রনাথ রায়সহ আরও অনেকে।
অনুষ্ঠানের শুরুতে বিদায়ী শিক্ষকদের হাতে সম্মাননা ক্রেস্ট, ফুলের তোড়া ও উপহার সামগ্রী তুলে দেন শিক্ষক ও শিক্ষার্থীরা।
বক্তারা বলেন,
“জনাব বিদ্যুৎ কুমার রায় কেবল একজন শিক্ষক নন, তিনি ছিলেন এক অনন্য পথপ্রদর্শক ও প্রিয়জন। তাঁর অবদান বিদ্যালয় ও সমাজের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।”
বিদায়ী শিক্ষকবৃন্দ তাঁদের বক্তব্যে স্মৃতিমধুর কর্মজীবনের নানা অভিজ্ঞতা তুলে ধরেন, শিক্ষার্থীদের উদ্দেশ্যে জীবনমুখী দিকনির্দেশনা দেন এবং সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।
শেষ মুহূর্তে যখন করতালি ও কান্নার সুর মিলেমিশে যায়, তখন বিদ্যালয় প্রাঙ্গণ জুড়ে সৃষ্টি হয় এক গভীর আবেগঘন পরিবেশ—
প্রিয় শিক্ষককে বিদায় জানাতে যেন থমকে যায় সময়।

