২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে উলিপুরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত


hamarkur6 প্রকাশের সময় : মার্চ ১১, ২০২৬, ২:১০ অপরাহ্ন /
২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে উলিপুরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

শাজাহান খন্দকার

কুড়িগ্রামের উলিপুরে ‘২৫ মার্চ গণহত্যা দিবস ২০২৬’ পালন এবং ‘২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬’ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ মার্চ ২০২৬) সকাল ১১টায় উপজেলা পরিষদের পুরাতন হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহামুদুল হাসান। এতে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাগণ, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী, উলিপুর থানা পুলিশের প্রতিনিধি এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা উপস্থিত ছিলেন।

এছাড়াও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক এবং উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকরা সভায় অংশগ্রহণ করেন।

সভায় আগামী ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালনের লক্ষ্যে বিস্তারিত আলোচনা করা হয়। দিবস দুটির তাৎপর্য তুলে ধরে বিভিন্ন কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট দপ্তর ও প্রতিষ্ঠানের কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

বক্তারা বলেন, ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস জাতির ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ। এ দিবসগুলো আমাদের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস, ত্যাগ ও সংগ্রামের কথা স্মরণ করিয়ে দেয়। তাই দিবসগুলো যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালনে প্রশাসন, বিভিন্ন প্রতিষ্ঠান এবং সর্বস্তরের জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।