১২ ফেব্রুয়ারি কুড়িগ্রামে যান চলাচলে বিধিনিষেধ


Hamar Kurigram প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৫, ২০২৬, ২:১৩ অপরাহ্ন /
১২ ফেব্রুয়ারি কুড়িগ্রামে যান চলাচলে বিধিনিষেধ

ডেস্ক নিউজ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কুড়িগ্রাম জেলায় আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে যানবাহন চলাচলে সাময়িক বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের নির্দেশনা অনুযায়ী নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার কার্যালয়, কুড়িগ্রাম থেকে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১০ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। এছাড়া ১১ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত ট্যাক্সি ক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল নিষিদ্ধ থাকবে।

তবে জরুরি সেবায় নিয়োজিত যানবাহন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন ও নির্বাচন সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের যানবাহন, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসসহ বিশেষ অনুমতিপ্রাপ্ত যানবাহন এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। এছাড়া প্রার্থী ও তাদের অনুমোদিত এজেন্টদের যানবাহন নির্বাচন কমিশনের অনুমোদন সাপেক্ষে চলাচল করতে পারবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, জাতীয় মহাসড়ক ও গুরুত্বপূর্ণ সংযোগ সড়কে নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে এবং নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেলা প্রশাসন সকলের সহযোগিতা কামনা করে বিধিনিষেধ মেনে চলার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছে।