হামার কুড়িগ্রাম

১২ জন শিক্ষক, ১২ পরীক্ষার্থী—পাস করেনি কেউ

ডেস্ক নিউজ

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার তালতলা উচ্চবিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল ১২ জন শিক্ষার্থী। বিদ্যালয়টিতে শিক্ষকও রয়েছেন ১২ জন। তবে ফল প্রকাশের পর দেখা গেছে, পরীক্ষায় অংশ নেওয়া ১২ শিক্ষার্থীর কেউই উত্তীর্ণ হতে পারেনি।

শুধু তালতলা উচ্চবিদ্যালয় নয়, কুড়িগ্রামের আরও তিনটি বিদ্যালয়ের কোনো শিক্ষার্থীই এবার এসএসসি পরীক্ষায় পাস করতে পারেনি। বিদ্যালয়গুলো হলো—রাজারহাট উপজেলার ব্রাহ্মণপাড়া উচ্চবিদ্যালয়, কুড়িগ্রাম সদর উপজেলার পূর্ব কুমরপুর আদর্শ উচ্চবিদ্যালয় এবং ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি আদর্শ বালিকা উচ্চবিদ্যালয়।

সোমবার (১০ আগস্ট) সকালে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। দিনাজপুর শিক্ষা বোর্ডের ফলাফলের পরিসংখ্যান অনুযায়ী, এ বোর্ডের ১৮টি বিদ্যালয়ের শতভাগ পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছে। এর মধ্যে কুড়িগ্রামের চারটি বিদ্যালয় রয়েছে।

প্রথমবার এসএসসি, ফল শূন্য

বিদ্যালয় সূত্রে জানা গেছে, তালতলা উচ্চবিদ্যালয়টি ১৯৯১ সালে প্রতিষ্ঠিত হয়। ২০০১ সালে জুনিয়র পর্যায়ে প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত হয়। পরে ২০২৪ সালে মাধ্যমিক পর্যায়ে পাঠদানের অনুমতি পায়। এরপর এবারই প্রথম বিদ্যালয়টির শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় অংশ নেয়।

বর্তমানে বিদ্যালয়টিতে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রায় ১৫০ জন শিক্ষার্থী রয়েছে। প্রধান শিক্ষকসহ শিক্ষক রয়েছেন ১২ জন। আগামী বছর বিদ্যালয়টি থেকে প্রায় ২৫ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারে বলে জানা গেছে।

উপস্থিতি কম, শহরমুখী মেধাবীরা

বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও জমিদাতা অজয় কুমার সরকার বলেন, মেয়েদের বাল্যবিবাহ এবং ছেলেদের বিভিন্ন শ্রমে যুক্ত হওয়ার কারণে বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি কমে গেছে। এ ছাড়া উপজেলা শহর থেকে বিদ্যালয়টি প্রায় চার কিলোমিটার দূরে হওয়ায় ভালো শিক্ষার্থীদের অনেকে শহরের বিদ্যালয়ে ভর্তি হয়। ফলে বিদ্যালয়ে শিক্ষার্থীদের মান ধরে রাখা কঠিন হয়ে পড়েছে।

তিনি বলেন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা এবং পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ানো গেলে ভবিষ্যতে ফলাফলের উন্নতি সম্ভব হবে।

Exit mobile version