হামার কুড়িগ্রাম

স-মিলের ছবি তোলাকে কেন্দ্র করে সাংবাদিককে হুমকির অভিযোগ, উলিপুর থানায় জিডি

ডেস্ক নিউজ

কুড়িগ্রামের উলিপুরে পেশাগত দায়িত্ব পালনকালে একটি স-মিলের ছবি ও ভিডিও ধারণ করাকে কেন্দ্র করে এক সাংবাদিককে গালাগালি, মারধরের চেষ্টা এবং সংবাদ প্রকাশ করলে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক উলিপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নম্বর-১৩৯২, তারিখ ৩১ জুলাই ২০২৬।

জিডি ও স্থানীয় সূত্রে জানা যায়, দৈনিক মানবকণ্ঠ ও সাপ্তাহিক যুগের খবরের উলিপুর প্রতিনিধি মো. নুরবক্ত আলী গত ৩০ জুলাই রাত সাড়ে ৭টার দিকে উপজেলার ধামশ্রেণী ইউনিয়নের চৌমহনী বাজার জামে মসজিদ ও মাদরাসা সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে সরকারি নিয়ম অমান্য করে রাতে পরিচালিত একটি স-মিলের ছবি ও ভিডিও ধারণ করেন।

অভিযোগে বলা হয়, পরে রাত প্রায় ৮টার দিকে অভিযুক্ত মো. হাবিবুর রহমান চৌমহনী বাজারে নুরবক্ত আলীর দোকানে গিয়ে সংবাদ সংগ্রহের বিষয়টি নিয়ে ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। একপর্যায়ে তিনি মারধরের চেষ্টা করেন। স্থানীয়রা এগিয়ে এলে পরিস্থিতি শান্ত হয়। তবে স-মিল সংক্রান্ত কোনো সংবাদ প্রকাশ করা হলে মারধরসহ খুন-জখমের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ঘটনার পর নিজের নিরাপত্তা ও ভবিষ্যৎ আইনি সুরক্ষার কথা বিবেচনা করে সাংবাদিক নুরবক্ত আলী উলিপুর থানায় লিখিত আবেদন করলে পুলিশ সেটি সাধারণ ডায়েরি হিসেবে নথিভুক্ত করে।

এ বিষয়ে স-মিলের মালিক মো. হাবিবুর রহমান বলেন, “ছোট একটি কাঠের গুঁড়ি রাতে কাটার সময় সাংবাদিক ছবি ও ভিডিও করেন। পরে বিষয়টি জানতে পেরে আমি তার দোকানে গিয়েছিলাম। সেখানে শুধু তর্ক-বিতর্ক হয়েছে, এর বেশি কিছু হয়নি।”

উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক জানান, অভিযোগটি সাধারণ ডায়েরিভুক্ত করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য এসআই (নিরস্ত্র) মো. শাহাদত হোসেনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

Exit mobile version