Site icon হামার কুড়িগ্রাম

স্বামীর আপিলে প্রার্থিতা হারালেন স্ত্রী, কুড়িগ্রাম-৪ আসনে শেফালী বেগমের মনোনয়ন বাতিল

নিউজ ডেস্ক

কুড়িগ্রাম-৪ (চিলমারী, রৌমারী ও রাজিবপুর) আসনে বাংলাদেশ সুপ্রিম পার্টি সমর্থিত প্রার্থী মোছা. শেফালী বেগমের মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন। জাতীয় পার্টি মনোনীত প্রার্থী ও তার স্বামী কে এম ফজলুল মন্ডলের করা আপিলের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।

কুড়িগ্রাম-৪ আসনে জাতীয় পার্টির প্রার্থী কে এম ফজলুল মন্ডলের আপিলের প্রেক্ষিতে তার স্ত্রী বাংলাদেশ সুপ্রিম পার্টি সমর্থিত প্রার্থী মোছা. শেফালী বেগমের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (১৪ জানুয়ারি) রাজধানীর নির্বাচন ভবনে অনুষ্ঠিত আপিল শুনানিতে রিটার্নিং কর্মকর্তার দেওয়া শেফালী বেগমের বৈধ মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়। শুনানি শেষে নির্বাচন কমিশন কে এম ফজলুল মন্ডলের আপিল মঞ্জুর করে।

আপিলে শেফালী বেগমের বিরুদ্ধে অভিযোগ করা হয়, তিনি একটি সরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষকতার চাকরি ছেড়েছেন প্রায় এক বছর আগে। প্রচলিত নির্বাচন বিধি অনুযায়ী, সরকারি চাকরি থেকে অবসর বা পদত্যাগের পর তিন বছর পূর্ণ না হলে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই। এই যুক্তির ভিত্তিতে নির্বাচন কমিশন তার মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত দেয়।

এর ফলে রিটার্নিং কর্মকর্তা পূর্বে যে বৈধ মনোনয়ন ঘোষণা করেছিলেন, তা বাতিল হয়ে যায় এবং শেফালী বেগম আর নির্বাচনে অংশ নিতে পারবেন না।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে কুড়িগ্রাম-৪ আসন থেকে স্বামী-স্ত্রী উভয়েই ভিন্ন ভিন্ন রাজনৈতিক দল থেকে মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল করেন। যাচাই-বাছাই শেষে প্রথমে দুজনের মনোনয়নপত্রই বৈধ ঘোষণা করা হয়েছিল। একই আসনে স্বামী ও স্ত্রী প্রতিদ্বন্দ্বী হওয়ায় স্থানীয় রাজনীতি ও ভোটারদের মধ্যে ব্যাপক কৌতূহল ও আলোচনা সৃষ্টি হয়।

এ বিষয়ে কে এম ফজলুল মন্ডল দাবি করেন, তাদের দাম্পত্য জীবনে বিচ্ছেদ ঘটেছে। তবে শেফালী বেগম এ দাবি নাকচ করে বলেন, আইনি দৃষ্টিতে কে এম ফজলুল মন্ডল এখনও তার স্বামী। দীর্ঘদিন ধরে মনোমালিন্য থাকলেও তাদের বৈবাহিক সম্পর্ক আইনগতভাবে বহাল রয়েছে বলে তিনি জানান।

Exit mobile version