Site icon হামার কুড়িগ্রাম

স্বপ্নের মূল্য দিতে গিয়ে সংগ্রামই সঙ্গী: ঢাবি আইন বিভাগের শিক্ষার্থী মেহেদীর গল্প

নিউজ ডেস্ক

উত্তরাঞ্চলের মানুষ দারিদ্র্য আর সংগ্রামের সঙ্গে লড়াই করেই বড় হয়—এটাই যেন বাস্তবতা। অর্থের অভাবে অনেক মেধাবী শিক্ষার্থীর স্বপ্ন মুখ থুবড়ে পড়ে। তবে সেই বাস্তবতাকেই চ্যালেঞ্জ জানিয়ে নিজের স্বপ্ন ধরে রেখেছেন কুড়িগ্রামের মেহেদী, যিনি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী।

২০২০–২১ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হন মেহেদী। তিনি স্যার এ এফ রহমান হলের আবাসিক ছাত্র। কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার বজরা গ্রাম থেকে উঠে এসে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে পড়ার সুযোগ পাওয়া তার জন্য গর্বের হলেও, ঢাকায় পড়াশোনা ও জীবনযাপনের খরচ জোগানো হয়ে ওঠে বড় দুশ্চিন্তার কারণ।

সংকটের মুহূর্তে কারও কাছে হাত না পেতে আত্মনির্ভরতার পথ বেছে নেন মেহেদী। পড়াশোনার পাশাপাশি জীবিকা নির্বাহের জন্য তিনি পান ও সিগারেট বিক্রি করছেন। তার এই শ্রমই আজ তাকে টিকে থাকার শক্তি দিচ্ছে। সংসারের প্রয়োজনে তার স্ত্রী খিচুড়ি বিক্রি করে পাশে দাঁড়িয়েছেন।

প্রতিদিনের ক্লান্তি, অনিশ্চয়তা আর সীমাহীন কষ্টের মাঝেও বই হাতে নিয়ে ভবিষ্যতের স্বপ্ন দেখছেন মেহেদী। তার এই লড়াই শুধু ব্যক্তিগত নয়—এটি হাজারো সংগ্রামী শিক্ষার্থীর প্রতিচ্ছবি।

নিজেদের এই কঠিন সময় পার করতে মেহেদী ও তার পরিবার সমাজের সহানুভূতিশীল মানুষের সহযোগিতা প্রত্যাশা করছেন। তাদের বিশ্বাস, অল্প সহযোগিতাই হতে পারে একজন শিক্ষার্থীর জীবনের টার্নিং পয়েন্ট।

Exit mobile version