স্ত্রীকে হত্যা করে শ্বশুরকে ফোন, কুড়িগ্রাম থেকে যুবক গ্রেপ্তার


Hamar Kurigram প্রকাশের সময় : ডিসেম্বর ২৭, ২০২৫, ৬:৪৬ অপরাহ্ন /
স্ত্রীকে হত্যা করে শ্বশুরকে ফোন, কুড়িগ্রাম থেকে যুবক গ্রেপ্তার

নিউজ ডেস্ক

গাজীপুরে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যার পর শ্বশুরকে ফোনে বিষয়টি জানানোর ঘটনায় ২০ ঘণ্টার মধ্যে অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করেছে র‍্যাব। র‍্যাব-১ ও র‍্যাব-১৩–এর যৌথ অভিযানে কুড়িগ্রামের রাজারহাট উপজেলা থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার হওয়া যুবকের নাম মো. জালাল হোসেন ওরফে দুলু (৩০)। তিনি কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার বাসুনিয়াপাড়া গ্রামের বাসিন্দা। শুক্রবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে রাজারহাট উপজেলার নাজিম খান ইউনিয়নের রামকৃষ্ণ মণ্ডলপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-১–এর কোম্পানি কমান্ডার মো. নাফিজ বিন জামাল শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ১০টায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

নিহত গৃহবধূ মাস্তুরা আক্তার (২৮) ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার পূর্ব নড়াইল গ্রামের বাসিন্দা। তিনি মিরাজুল ইসলাম (৪৫)-এর কন্যা।

র‍্যাবের বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার সকাল আনুমানিক ৭টার দিকে গাজীপুর মহানগরীর বাসন থানাধীন চান্দনা এলাকার রমিজ উদ্দিনের মালিকানাধীন পাঁচতলা ভবনের তৃতীয় তলার একটি কক্ষে পারিবারিক কলহের জেরে জালাল হোসেন তার স্ত্রী মাস্তুরা আক্তারকে শ্বাসরোধে হত্যা করেন বলে অভিযোগ রয়েছে। ঘটনার পর তিনি মরদেহটি ওই কক্ষে তালাবদ্ধ করে রেখে শ্বশুরকে ফোনে হত্যার কথা জানান।

খবর পেয়ে বাসন থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

এ ঘটনায় নিহতের বাবা মিরাজুল ইসলাম বাদী হয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

র‍্যাব জানায়, ঘটনার পর অভিযুক্ত জালাল হোসেন আত্মগোপনে কুড়িগ্রামের রাজারহাট থানাধীন নাজিম খান ইউনিয়নের রামকৃষ্ণ মণ্ডলপাড়া এলাকায় অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।