ফুলবাড়ী প্রতিনিধি
কুড়িগ্রামের ফুলবাড়ীতে অনুষ্ঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর এক মতবিনিময় সভায় কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য প্রার্থী ড. আতিক মুজাহিদ বলেছেন, “সুষ্ঠু নির্বাচন করতে হলে এনসিপিকে শাপলা প্রতীক দিতে হবে। শাপলা ছাড়া কোনো নির্বাচন হতে দেওয়া হবে না।”
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সন্ধ্যা ৬টায় ফুলবাড়ী উপজেলা শহীদ মিনার চত্বরে উপজেলা এনসিপির আয়োজনে কর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী নাজমুল ফেরদৌস লাভলু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ড. আতিক মুজাহিদ।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী মুকুল মিয়া, যুগ্ম সমন্বয়কারী মাসুম মিয়া ও জুয়েল মিয়া, ছাত্রশক্তি জেলা শাখার আহ্বায়ক জাহিদ হাসান, সদস্য সচিব সাদিকুর রহমান, জাতীয় শ্রমশক্তি জেলা শাখার প্রধান সমন্বয়কারী মজনু মিয়া, ফুলবাড়ী সদর ইউনিয়ন এনসিপির প্রধান সমন্বয়কারী রাজু মিয়া এবং ছাত্রশক্তি উপজেলা শাখার সদস্য সচিব পারভেজ আলম।
সভা পরিচালনা করেন উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী সবুজ মিয়া।
ড. আতিক মুজাহিদ বলেন, “আমাদের প্রথম লক্ষ্য কুড়িগ্রামের সার্বিক উন্নয়ন। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগব্যবস্থা ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে কুড়িগ্রামের মানুষের জীবনমান উন্নত করাই এনসিপির উদ্দেশ্য। কেউ যেন আর বলতে না পারে আমরা দরিদ্র এলাকার মানুষ। আমরা ত্রাণ চাই না, আমরা কাজ চাই। জনগণের অধিকার প্রতিষ্ঠা ও দুর্নীতি নির্মূলের মাধ্যমে প্রশাসনকে জনগণের প্রকৃত সেবক হিসেবে গড়ে তুলব।”

