ভূরুঙ্গামারী প্রতিনিধি
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাগলারহাট সীমান্তবর্তী চরাঞ্চলে অভিযান চালিয়ে কথিত দুই মাদক কারবারিকে ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১১ সেপ্টেম্বর ২০২৬) রাত ১০টার দিকে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের নেতৃত্বে ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি দল পাগলারহাটের চরাঞ্চলে অভিযান চালায়। এ সময় মো. ওমর আলী (৪৩), পিতা—মৃত রহিম উদ্দিন এবং মো. মানিক মিয়া (৩৬), পিতা—বাবুর আলীকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ৩০ পিস ভারতীয় ইয়াবা, ১০০ গ্রাম গাঁজা, দুটি বাটন মোবাইল ফোন এবং ইয়াবা ও গাঁজা সেবনের সরঞ্জাম জব্দ করা হয়েছে। জব্দকৃত মাদকের আনুমানিক অবৈধ বাজারমূল্য ৯ হাজার টাকা।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

