মো. মাইনুল ইসলাম, উলিপুর
কুড়িগ্রামের উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের পাঁচপীর বাজারে সার বিতরণ নিয়ে বিভিন্ন এলাকায় কৃষকদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষের খবর পাওয়া গেলেও মেসার্স আকবর আলী ট্রেডার্সে দেখা গেছে ভিন্ন চিত্র। সেখানে সুশৃঙ্খলভাবে সার বিতরণ কার্যক্রম চলছে এবং ডিলারের দাবি, বর্তমানে সারের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
সরেজমিনে পাঁচপীর বাজারের মেসার্স আকবর আলী ট্রেডার্সে গিয়ে দেখা যায়, কৃষকরা সার সংগ্রহের জন্য সারিবদ্ধভাবে অপেক্ষা করছেন। উপস্থিত উপসহকারী কৃষি কর্মকর্তা জুয়েল আহমেদ ও মো. মাহফুজার রহমান সার বিতরণ কার্যক্রম তদারকি করছেন। এ সময় সার নিতে আসা কৃষকদের মধ্যে শৃঙ্খলা বজায় থাকতে দেখা যায়।
মেসার্স আকবর আলী ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. রমজান আলী বলেন, ‘আমার এখানে কোনো ধরনের সারের সংকট নেই। ইনশাআল্লাহ, কম-বেশি সব ধরনের সারই পর্যাপ্ত পরিমাণে রয়েছে। তবে সাধারণ মানুষ যদি আমাকে সঠিকভাবে সার বিতরণের সুযোগ দেন, তাহলে ইনশাআল্লাহ সবাইকে সার দিতে পারব।’
তিনি আরও বলেন, ‘আমরা কৃষকদের কাছ থেকে ভোটার আইডি কার্ড সংগ্রহ করি। প্রথমে যারা ৫ থেকে ১৫ কেজি সার নিতে চান, তাদের সার দেওয়া হয়। তাদের দেওয়া শেষ হলে পর্যায়ক্রমে যারা এক বস্তা সার নিতে চান, তাদের সার বিতরণ শুরু করি। এতে একসঙ্গে অতিরিক্ত ভিড় হয় না এবং সুষ্ঠুভাবে সার বিতরণ করা সম্ভব হয়।’
সারের মজুত ও আমদানি অব্যাহত
সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে বিভিন্ন ধরনের সারের মজুত রয়েছে এবং নতুন করে সার আমদানিও অব্যাহত রয়েছে। ঘাটতি মোকাবিলায় কাতার ও সৌদি আরবের পাশাপাশি কানাডা ও মরক্কো থেকেও সার আমদানি করা হচ্ছে।
এদিকে ডিলারদের অনিয়ম রোধ এবং কৃষকদের কাছে সুষ্ঠুভাবে সার পৌঁছে দিতে সার বিতরণ ব্যবস্থায় পরিবর্তন আনা হয়েছে। খুচরা বিক্রেতা বা সাব-ডিলার ব্যবস্থা পুনরায় চালু করা হয়েছে। পাশাপাশি খুচরা বিক্রেতাদের জন্য আইডি কার্ড বাধ্যতামূলক করা হয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, সারের সুষ্ঠু বণ্টন ও সরবরাহ নিশ্চিত করা গেলে কৃষকদের মধ্যে সৃষ্ট উদ্বেগ ও ভোগান্তি অনেকটাই কমে আসবে।
