কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় সারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কৃষকেরা। পরে প্রশাসনের আশ্বাসে প্রায় এক ঘণ্টা পর অবরোধ তুলে নেন তারা। বুধবার সকাল ১০টার দিকে উপজেলার সোনাহাট বাজারে সোনাহাট স্থলবন্দর সড়কে এ ঘটনা ঘটে।
ভূরুঙ্গামারী উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আব্দুল জব্বার বিষয়টি নিশ্চিত করেছেন।
কৃষকদের অভিযোগ, সকালে সোনাহাট বাজারের ডিলার পয়েন্ট মেসার্স রাকিবুল ট্রেডার্সে সার নিতে গেলে তাদের জানানো হয়, সেদিন সার বিতরণ করা হবে না। এতে ক্ষুব্ধ হয়ে কৃষকেরা ডিলার পয়েন্টের সামনে সোনাহাট স্থলবন্দর সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। প্রায় ঘণ্টাব্যাপী অবরোধের কারণে সড়কে যানজটের সৃষ্টি হয়।
খবর পেয়ে বেলা ১১টার দিকে ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেব নাথ ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় প্রশাসনের পক্ষ থেকে সার দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলে কৃষকেরা অবরোধ তুলে নেন। পরে পুলিশ, বিজিবি ও আনসার সদস্যদের উপস্থিতিতে সার বিতরণ শুরু হয়।
তবে সার বিতরণের সময় লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে আবারও বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। প্রায় এক ঘণ্টা সার বিতরণের পর ডিলার আকস্মিকভাবে বিতরণ বন্ধ করে দেন। এ সময় সার নেওয়ার টোকেন সংগ্রহ করতে কৃষকদের মধ্যে আবারও হুড়োহুড়ি ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।
কৃষকেরা বলছেন, তারা সুষ্ঠুভাবে সার পাচ্ছেন না। দুই থেকে তিন দিন ঘোরার পর একদিন স্বল্প পরিমাণ সার পেলেও তা সংগ্রহ করতে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। রোদে দাঁড়িয়ে থাকা এবং লাইনের ঝক্কিঝামেলায় অনেকে অসুস্থ হয়ে পড়ছেন বলেও অভিযোগ করেন তারা।
তাদের আরও অভিযোগ, সারের জন্য কাজের সময় থেকে দীর্ঘ সময় ব্যয় করতে হচ্ছে। অথচ বৃষ্টির পর জমিতে এখন সারের ব্যাপক চাহিদা রয়েছে। এ সময়ে জমিতে সার প্রয়োগ করতে পারলে ফসল ভালো হতো। কিন্তু সার সংকটের কারণে কৃষকদের মধ্যে চরম হাহাকার দেখা দিয়েছে।
এদিকে, কয়েকদিন আগে সার লুটের ঘটনার পর আবারও সারের দাবিতে কৃষকদের সড়ক অবরোধের ঘটনায় প্রশাসন বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে। এর মধ্যে সার সংকট নিরসনে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগও ভেস্তে যেতে বসেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
সার ডিলার রাকিবুল বলেন, প্রকৃত কৃষকদের হাতে সঠিকভাবে সার পৌঁছে দিতে কিছুটা সময় লাগছে। সার নিতে এসে অনেকে ধৈর্য হারিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন। প্রশাসন ও কৃষি বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতেই সার বিতরণ করা হচ্ছে।
তিনি বলেন, সকালে কিছুটা সমস্যা হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
