ফুলবাড়ী প্রতিনিধি
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ইয়াবা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার ঘটনায় এক মাদ্রাসাছাত্রকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃত শিক্ষার্থী আবু সায়েদ উপজেলার বড়লই গ্রামের রেজাউল ইসলামের ছেলে। তিনি বড়লই দ্বি-মুখী দাখিল মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থী।
মাদ্রাসা সূত্রে জানা গেছে, গত ২৩ আগস্ট মাদ্রাসার সুপারের স্বাক্ষরিত এক নোটিশে মাদক সেবন এবং এ-সংক্রান্ত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার বিষয়টি উল্লেখ করে
ওই শিক্ষার্থীকে একই তারিখ থেকে মাদ্রাসা থেকে বহিষ্কার করা হয়।বড়লই দ্বি-মুখী দাখিল মাদ্রাসার সুপার নুরুল ইসলাম বলেন, “ম্যানেজিং কমিটিসহ সবার মতামতের ভিত্তিতে ওই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। শিক্ষার্থীদের মাদকাসক্ত হওয়ার বিষয়টি অত্যন্ত দুঃখজনক।
অভিভাবকসহ সবাইকে এ বিষয়ে সচেতন হওয়া জরুরি।”মাদ্রাসা কর্তৃপক্ষের এ সিদ্ধান্তকে শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
তবে ভিডিওটির সত্যতা ও ঘটনার বিস্তারিত বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য জানা যায়নি।
