রাজিবপুর প্রতিনিধি
কুড়িগ্রামের রাজিবপুরে সাবেক স্ত্রীর দায়ের করা মামলায় বিদ্যুৎ সরকার (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৯ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার বালিয়ামারী বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, বিদ্যুৎ সরকারের সঙ্গে রৌমারী উপজেলার সুমা আক্তারের বিয়ে হয়েছিল। তাঁদের দাম্পত্য জীবনে একটি সন্তান রয়েছে। অভিযোগ অনুযায়ী, তালাকের বিষয়টি গোপন রেখে সুমা আক্তারের সঙ্গে সংসার চালিয়ে যান বিদ্যুৎ সরকার। এ ছাড়া, তিনি ঢাকায় জুঁই নামের আরেক নারীকে বিয়ে করেছেন বলেও অভিযোগ রয়েছে।
পরে তালাকের বিষয়টি জানতে পেরে বিদ্যুৎ সরকারের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন সুমা আক্তার।
গ্রেপ্তার বিদ্যুৎ সরকার রাজিবপুর উপজেলার সদর ইউনিয়নের জাউনিয়ার চর মিয়াপাড়া এলাকার নজরুল ইসলামের ছেলে।
রাজিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন আলম জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি বিদ্যুৎ সরকারকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১০ অক্টোবর) তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর কথা রয়েছে।
