হামার কুড়িগ্রাম

সান্তাহারে কুড়িগ্রাম এক্সপ্রেসের লাগেজ ভ্যান লাইনচ্যুত, সারাদেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

ডেস্ক নিউজ

বগুড়ার সান্তাহার রেলওয়ে জংশন স্টেশন এলাকায় কুড়িগ্রাম থেকে ঢাকাগামী কুড়িগ্রাম আন্তঃনগর এক্সপ্রেসের লাগেজ ভ্যানের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে যশোর-পার্বতীপুর রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে দেশের বিভিন্ন রুটের সঙ্গে রেল যোগাযোগে বিঘ্ন সৃষ্টি হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে সান্তাহার স্টেশন এলাকায় প্রবেশের সময় কুড়িগ্রাম এক্সপ্রেসের পেছনে থাকা লাগেজ ভ্যানের একটি বগি লাইনচ্যুত হয়।

রেলওয়ে সূত্রে জানা গেছে, কারিগরি ত্রুটির কারণে লাগেজ ভ্যানের বগিটি লাইনচ্যুত হতে পারে। তবে এ ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

দুর্ঘটনার পর ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে বিভিন্ন গন্তব্যে চলাচলকারী কয়েকটি ট্রেন আটকা পড়ে এবং যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়।

সান্তাহার রেলওয়ে স্টেশন মাস্টার খাতিজা খানম বলেন, “কুড়িগ্রাম এক্সপ্রেসের লাগেজ ভ্যানের একটি বগি লাইনচ্যুত হয়েছে। লাইন মেরামতের কাজ চলছে। মেরামত শেষ হলে যেকোনো সময় ট্রেন চলাচল স্বাভাবিক হতে পারে।”

রেলওয়ে কর্তৃপক্ষ দ্রুত লাইন সচল করে ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে।

Exit mobile version