ডেস্ক নিউজ
কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ বলেছেন, কুড়িগ্রামের মানুষ শান্তিপ্রিয় এবং তারা সহিংস রাজনীতি ও সন্ত্রাসকে প্রত্যাখ্যান করবে।
শুক্রবার (৩১ জুলাই) রাত ৮টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল-এ সন্ত্রাসী হামলায় আহত ফুলবাড়ী উপজেলা ছাত্রশক্তির সদস্য সচিবকে দেখতে গিয়ে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ড. আতিক মুজাহিদ বলেন, “আমরা এখন কুড়িগ্রামের যে রাজনীতি দেখছি, এই সহিংস রাজনীতি কুড়িগ্রামের নয়। আমাদের কুড়িগ্রামের মানুষ শান্তিপ্রিয়। তারা সন্ত্রাসীদের বয়কট করবে।”
তিনি আরও বলেন, “আমরা পেশীশক্তির রাজনীতিতে বিশ্বাসী নই। আমরা জনবান্ধব রাজনীতিতে বিশ্বাসী। এই যে এতিম ছেলেটাকে তারা মারলো, এর জন্যও আইনের কাছে তাদের জবাবদিহি করতে হবে।”
আইনের শাসনের ওপর আস্থা প্রকাশ করে তিনি বলেন, “আমরা সভ্য সমাজের বাসিন্দা। দেশের আইনের প্রতি আমরা বিশ্বাসী। আইন অবশ্যই সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।”
এ সময় তিনি আহত ছাত্রশক্তি নেতার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।
