ডেস্ক নিউজ
অভাব-অনটনের সংসার, জীবিকা চলে ঝালমুড়ি বিক্রি করে। তবুও লোভকে জয় করে সততার এক অনন্য নজির স্থাপন করেছেন কুড়িগ্রামের রৌমারী উপজেলার জয়নাল আবেদীন (৪৪)। রাস্তার পাশে কুড়িয়ে পাওয়া নগদ ৩৭ হাজার টাকা তিনি বিনা দ্বিধায় প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দিয়েছেন।
রোববার (২৬ জুলাই) সন্ধ্যায় রৌমারী-ঢাকা মহাসড়কের কর্তিমারী বাজার এলাকায় একটি ব্যাগ পড়ে থাকতে দেখেন জয়নাল। ব্যাগটি খুলে তিনি দেখতে পান, ভেতরে রয়েছে ৩৭ হাজার টাকা। নিজের কাছে রেখে না দিয়ে টাকার মালিককে খুঁজে বের করার উদ্যোগ নেন তিনি।
এ কাজে সহযোগিতা করেন স্থানীয় সংবাদকর্মী আনিছুর রহমান। পরে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জানানো হলে দ্রুতই টাকার প্রকৃত মালিকের স্বজনরা জয়নালের সঙ্গে যোগাযোগ করেন।
এরপর স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসীর উপস্থিতিতে পুরো ৩৭ হাজার টাকা মালিক আবুল হোসেনের হাতে তুলে দেন জয়নাল। আবুল হোসেন (৯০) রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের ধনারচর পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা।
টাকা ফিরে পেয়ে আবেগাপ্লুত আবুল হোসেন বলেন, হারানো অর্থ আর ফিরে পাবেন বলে আশা করেননি। জয়নালের সততার কারণেই তাঁর কষ্টার্জিত টাকা ফিরে এসেছে।
স্থানীয় সংবাদকর্মী আনিছুর রহমান বলেন, দারিদ্র্য কখনো মানুষের সততাকে হার মানাতে পারে না—জয়নাল আবেদীন তারই জীবন্ত উদাহরণ। তাঁর এই মহৎ কাজ সমাজে সততা, নৈতিকতা ও মানবিকতার বার্তা ছড়িয়ে দেবে।
জয়নালের এই ব্যতিক্রমী সততা ইতোমধ্যে এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে
