নিজস্ব প্রতিবেদক | হামার কুড়িগ্রাম
জাতীয় সংসদের অধিবেশন চলাকালে ব্যস্ততার মধ্যেও সংসদ অধিবেশনের ফাঁকে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (জাতীয় পঙ্গু হাসপাতাল)-এ চিকিৎসাধীন কুড়িগ্রামের উলিপুর উপজেলার দুই রোগীকে দেখতে যান কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী।
তিনি প্রথমে তবকপুর ইউনিয়নের বিরল (রেয়ার) রোগে আক্রান্ত সুমাইয়ার শয্যাপাশে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক, সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলে সুমাইয়ার চিকিৎসার অগ্রগতি এবং পরবর্তী চিকিৎসা পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত অবগত হন।
সংসদ সদস্য সুমাইয়ার উন্নত ও প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।
পরে তিনি হাতিয়া ইউনিয়নের চিকিৎসাধীন ইমানুর রহমানকেও হাসপাতালে গিয়ে দেখেন। কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলে তার চিকিৎসার সার্বিক অগ্রগতি ও প্রয়োজনীয় বিষয়াদি সম্পর্কে খোঁজখবর নেন।
এ সময় ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী বলেন, নির্বাচনী এলাকার মানুষের চিকিৎসাসহ যেকোনো প্রয়োজনে পাশে থাকা তাঁর দায়িত্ব। রোগীদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বাস দেন।
