
মোঃ মশিউর রহমান বিপুল || কুড়িগ্রাম প্রতিনিধি
কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার অষ্টমির চর ইউনিয়নের ৩নং ওয়ার্ড সভাপতি ফুল মিয়া আনুষ্ঠানিকভাবে দল থেকে পদত্যাগ করেছেন।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার অষ্টমির চর ইউনিয়নের নটারকান্দি বাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে তিনি এ পদত্যাগের ঘোষণা দেন। একই সংবাদ সম্মেলনে ওই ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মোসলেম উদ্দিনও দলীয় পদ ও রাজনৈতিক কর্মকাণ্ড থেকে পদত্যাগের ঘোষণা দেন।
লিখিত বক্তব্যে ফুল মিয়া জানান, তিনি ২০০১ সাল থেকে অষ্টমির চর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। জনস্বার্থ ও এলাকার উন্নয়নের কথা বিবেচনা করেই তিনি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন বলে উল্লেখ করেন।
তিনি আরও বলেন, “বর্তমানে নিজের ভুল বুঝতে পেরে আজ থেকে আওয়ামী লীগের সকল পদপদবী এবং রাজনৈতিক সকল কর্মকাণ্ড থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি।”
সংবাদ সম্মেলনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, এলাকাবাসীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :