ডেস্ক নিউজ
কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের পুশইনের শিকার নারী ও শিশুসহ নয়জন চার দিন ধরে শূন্যরেখায় অবস্থান করছেন। নাগরিকত্ব নিয়ে জটিলতায় তারা কোনো দেশের ভূখণ্ডেই আশ্রয় পাচ্ছেন না।
বুধবার (১৭ জুন) দুপুর পর্যন্ত ওই নয়জন নো-ম্যানস ল্যান্ডে অস্থায়ী ছাউনি তৈরি করে মানবেতর জীবনযাপন করছিলেন। তাদের মধ্যে ছয় মাস ও আড়াই বছর বয়সী দুই শিশু, এক নারী এবং ছয়জন পুরুষ রয়েছেন।
সীমান্ত সূত্রে জানা যায়, গত রোববার রৌমারীর গয়টাপাড়া ও ভন্দুরচর সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। এ সময় বিজিবি ও স্থানীয়দের বাধার মুখে পুশইনের চেষ্টা ব্যর্থ হলে তারা শূন্যরেখায় অবস্থান নিতে বাধ্য হন।
স্থানীয় বাসিন্দারা শিশুদের মানবিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে হাসানুর রহমান জানান, বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করা হচ্ছে। স্থায়ী সমাধানের লক্ষ্যে বিএসএফকে পতাকা বৈঠকের প্রস্তাব দেওয়া হয়েছে, তবে এখনো কার্যকর কোনো উদ্যোগ পাওয়া যায়নি।






