
মাইদুল ইসলাম মামুন ।। নাগেশ্বরী প্রতিনিধি
আজ ৪ জানুয়ারির ২০২৬ (রবিবার) মানবতার সেবায় আরেকটি সুন্দর দৃষ্টান্ত স্থাপন করলো খিদমাতুল উম্মাহ্ ফাউন্ডেশন। সংগঠনটির উদ্যোগে কুড়িগ্রাম জেলার দক্ষিণ রামখানা নুরানী তালিমুল কুরআন ও হাফিজিয়া মাদ্রাসা এবং চান্দের হাট হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র হিসেবে টুপি বিতরণ কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।
শীতের তীব্রতায় যখন দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষগুলো কষ্টে দিন কাটাচ্ছে, ঠিক সেই সময়ে শীতার্ত শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে উষ্ণতা ছড়িয়ে দিয়েছে এই মানবিক সংগঠন। কর্মসূচিতে শিক্ষার্থীদের মাঝে টুপি বিতরণের মাধ্যমে তাদের শীতের কষ্ট লাঘবে ক্ষুদ্র হলেও আন্তরিক প্রয়াস নেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খিদমাতুল উম্মাহ্ ফাউন্ডেশনের পরিচালক মাওলানা আবু সাঈদ, সভাপতি মাওলানা মাইনুল ইসলাম এবং সেক্রেটারি হাফেজ আব্দুল্লাহ আল মামুন।
এসময় পরিচালক মাওলানা আবু সাঈদ তাঁর বক্তব্যে বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো শুধু মানবিক দায়িত্ব নয়, এটি ঈমানি দায়িত্বও। আমাদের এই ক্ষুদ্র উদ্যোগ যদি একজন শিক্ষার্থীর কষ্ট কিছুটা হলেও লাঘব করে, তাহলেই আমাদের প্রচেষ্টা সার্থক। সমাজের বিত্তবানদের এ ধরনের মানবিক কাজে এগিয়ে আসা জরুরি।
সভাপতি মাওলানা মাইনুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, খিদমাতুল উম্মাহ্ ফাউন্ডেশন সবসময় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার চেষ্টা করে। আজকের এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচিও তারই অংশ। যারা আর্থিক, শারীরিক ও মানসিকভাবে আমাদের সহযোগিতা করেছেন, মহান আল্লাহ তাআলা যেন তাদের উত্তম প্রতিদান দান করেন এবং দুনিয়া ও আখিরাতে কল্যাণ দান করেন।
অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়। মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা খিদমাতুল উম্মাহ্ ফাউন্ডেশনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর এই মহৎ প্রয়াস মহান আল্লাহ তাআলা কবুল করুন এই কামনায় অনুষ্ঠানটি দোয়ার মাধ্যমে সমাপ্ত হয়।
আপনার মতামত লিখুন :