শিশুর প্রথম খাদ্য মাতৃদুগ্ধ রৌমারীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহে বিশেষ আলোচনা


Hamar Kurigram প্রকাশের সময় : অগাস্ট ২৭, ২০২৫, ১২:৪৬ অপরাহ্ন /
শিশুর প্রথম খাদ্য মাতৃদুগ্ধ রৌমারীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহে বিশেষ আলোচনা

ডেস্ক নিউজ ।। হামার কুড়িগ্রাম

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ১১টায় জন স্বাস্থ্য পুষ্ঠি প্রতিষ্ঠানের আয়োজনে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ কর্মসূচি পালিত হয়।

এ্যাকশন এগেইনস্ট হাঙ্গার এবং ফ্রেন্ডশিপ এ সহযোগীতায় ও রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বাস্তবায়নে দিনটি উপলক্ষে সকালেই একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পুনরায় স্বাস্থ্য কমপ্লেক্সে এসে শেষ হয়। র‌্যালিতে অংশ নেন উপজেলা স্বাস্থ্য বিভাগ, বিভিন্ন এনজিও প্রতিনিধি, সেবিকা, স্বাস্থ্যকর্মী, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস ছামাদ। আলোচনায় বক্তারা মাতৃদুগ্ধ খাওয়ানোর গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, জন্মের এক ঘণ্টার মধ্যেই শিশুকে মায়ের দুধ খাওয়ানো উচিত, প্রথম ছয় মাস শিশুকে কোনো খাবার বা পানি না দিয়ে কেবল মাতৃদুগ্ধ খাওয়াতে হবে, মাতৃদুগ্ধ শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, অপুষ্টি দূর করে এবং মেধাবী জাতি গঠনে সহায়তা করে।

এসময় বক্তারা বলেন, সচেতনতার অভাবে এখনো অনেক মা তাদের সন্তানকে প্রথম ছয় মাস শুধু মাতৃদুগ্ধ খাওয়ান না। ফলে শিশুর মধ্যে নানা রোগবালাই ও অপুষ্টির সমস্যা দেখা দেয়। এ বিষয়ে সকলকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন, আমিনুল ইসলাম প্রকল্প কর্মকর্তা ফ্রেন্ডশীপ, নাবিল খান স্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি কর্তকর্তা, আনোয়ার ইসলাম কমিউনিটি মোবিলাইজার, আবু তাহের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রৌমারী পরিসংখ্যানবিদ, দেলোয়ার হোসেন স্বাস্ত্য পরিদর্শক, মজিদা খাতুন স্যানেটারি ইন্সপেক্টর, আনিচা পারভীন, মোতাহের হোসেন এসিএফসহ উপজেলা বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি, ফিল্ড সুপারভাইজার, স্বাস্থ্যকর্মীসহ গণমাধ্যমকর্মীরা।

এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো: আব্দুস সামাদ বলেন,”একটি শিশুর প্রথম খাদ্য হওয়া উচিত মাতৃদুগ্ধ। এটি শুধু শিশুর জন্য নয়, মায়ের স্বাস্থ্য সুরক্ষার জন্যও সমানভাবে প্রয়োজনীয়। তাই মায়ের দুধ খাওয়ানোর বিষয়টি পরিবার ও সমাজকে গুরুত্ব সহকারে দেখতে হবে।