নিজস্ব প্রতিবেদক | Hamar Kurigram
ত্রয়োদশ জাতীয় সংসদের শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আতিকুর রহমান মুজাহিদ। বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে শিক্ষা মন্ত্রণালয়সহ ১০টি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়।
জাতীয় সংসদে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে কণ্ঠভোটে কমিটিগুলোর প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। সংসদ নেতার অনুমতিক্রমে তার পক্ষে চিফ হুইপ মোহাম্মদ নুরুল ইসলাম (বরগুনা-২) সংবিধানের ৭৬ অনুচ্ছেদ এবং সংসদের কার্যপ্রণালী বিধির ২৪৬, ২৪৭ ও ২৪৮ বিধি অনুযায়ী পর্যায়ক্রমে কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন।
শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে মোহাম্মদ সেলিম ভূঁইয়াকে।কমিটির সদস্য হিসেবে রয়েছেন সংশ্লিষ্ট মন্ত্রী ববি হাজ্জাজ (ঢাকা-১৩), রেজা কিবরিয়া (হবিগঞ্জ-১), মো. সেলিমুজ্জামান মোল্লা (গোপালগঞ্জ-১), মো. জাহাঙ্গীর আলী মিয়া (মাদারীপুর-২), তাহসিনা রুশদীর (সিলেট-২), বীথিকা বিনতে হোসাইন (মহিলা আসন-২৪), মো. মুজিবুর রহমান (রাজশাহী-১) এবং কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আতিকুর রহমান মুজাহিদ।
সংসদীয় স্থায়ী কমিটিতে আতিকুর রহমান মুজাহিদের অন্তর্ভুক্তি কুড়িগ্রাম-২ আসনের শিক্ষাবিষয়ক বিভিন্ন দাবি ও সমস্যা জাতীয় পর্যায়ে তুলে ধরার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ তৈরি করেছে। শিক্ষা মন্ত্রণালয়-সংশ্লিষ্ট বিভিন্ন কার্যক্রম, নীতি ও বাস্তবায়ন পরিস্থিতি নিয়ে কমিটিতে আলোচনা ও পর্যালোচনায় অংশ নেওয়ার সুযোগ পাবেন তিনি।
বিশেষ করে নিজ নির্বাচনী এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষক সংকট, শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা, উচ্চশিক্ষার বিস্তার এবং প্রত্যন্ত অঞ্চলের শিক্ষাব্যবস্থার বিভিন্ন সমস্যা সংসদীয় স্থায়ী কমিটির আলোচনায় তুলে ধরার সুযোগ রয়েছে তার সামনে।
কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য হিসেবে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হওয়ায় স্থানীয় শিক্ষাঙ্গনের সমস্যা ও সম্ভাবনাকে জাতীয় নীতিনির্ধারণী পর্যায়ে উপস্থাপনের ক্ষেত্রেও তার ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
সংসদীয় স্থায়ী কমিটিগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যালোচনা, প্রয়োজনীয় সুপারিশ এবং সংসদীয় জবাবদিহি নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফলে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে আতিকুর রহমান মুজাহিদের দায়িত্ব কুড়িগ্রামসহ দেশের শিক্ষা খাতের বিভিন্ন বিষয়ে কাজ করার একটি প্রাতিষ্ঠানিক সুযোগ তৈরি করেছে।
