হামার কুড়িগ্রাম

শিক্ষার্থীদের সংসদ অধিবেশন সরাসরি দেখার সুযোগ করে দিলেন এমপি আনোয়ারুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক | Hamar Kurigram

কুড়িগ্রাম–১ আসনের সংসদ সদস্য জননেতা মো. আনোয়ারুল ইসলামের উদ্যোগে ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত নিজ এলাকার শিক্ষার্থীদের জাতীয় সংসদের অধিবেশন সরাসরি প্রত্যক্ষ করার সুযোগ দেওয়া হয়েছে।

এ সময় শিক্ষার্থীরা জাতীয় সংসদ ভবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও সংসদ প্রাঙ্গণ পরিদর্শন করেন। পাশাপাশি তারা দেশের সংসদীয় কার্যক্রম, গণতান্ত্রিক ব্যবস্থা এবং রাষ্ট্র পরিচালনার প্রক্রিয়া সম্পর্কে সরাসরি জানার ও বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পান।

শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের জ্ঞানের পাশাপাশি রাষ্ট্রের কার্যক্রম সম্পর্কে বাস্তব ধারণা, নাগরিক সচেতনতা ও গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সংসদ সদস্য হিসেবে দায়িত্ব নেওয়ার পর কুড়িগ্রামের চার সংসদ সদস্যের মধ্যে মো. আনোয়ারুল ইসলাম নিজ সংসদীয় এলাকার মানুষের সঙ্গে সময় দেওয়া এবং তাদের সুখে-দুঃখে পাশে থাকার বিষয়ে গুরুত্ব দিয়ে আসছেন। সংসদ অধিবেশনে অংশগ্রহণের পাশাপাশি নিজ এলাকায় নিয়মিত সময় দেওয়ার এবং ভোটারদের বিভিন্ন সমস্যা ও বিপদে-আপদে পাশে থাকার চেষ্টা করছেন তিনি।

এরই ধারাবাহিকতায় কুড়িগ্রামের চার সংসদ সদস্যের মধ্যে তিনিই প্রথম নিজ এলাকার শিক্ষার্থীদের জাতীয় সংসদ ভবন ও অধিবেশন সরাসরি দেখার সুযোগ করে দিয়েছেন। এর মাধ্যমে শিক্ষার্থীরা দেশের সর্বোচ্চ আইনসভা সম্পর্কে সরাসরি জানার পাশাপাশি গণতন্ত্র ও রাষ্ট্রব্যবস্থা সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পেয়েছেন।

নতুন প্রজন্মের জ্ঞান, নাগরিক সচেতনতা ও ভবিষ্যৎ গঠনে শিক্ষার্থীদের সঙ্গে এমন সম্পৃক্ততা নিঃসন্দেহে ইতিবাচক উদ্যোগ। শিক্ষার্থীদের স্বপ্ন, জ্ঞান ও ভবিষ্যৎ গঠনের পথচলায় পাশে থাকার প্রত্যয়ও ব্যক্ত করেছেন সংসদ সদস্য মো. আনোয়ারুল ইসলাম।

Exit mobile version